রাজধানীর সচিবালয়ের মন্ত্রিপরিষদ ভবনে হঠাৎ আগুন লাগে। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। রোববার (৩০ নভেম্বর) দুপুর ২টার দিকে নতুন ১ নম্বর ২০ তলা ভবনের ৯ম তলার বাইরের এগজস্ট ফ্যানে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন ছড়িয়ে পড়ার খবর পেয়ে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়। ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে প্রথমে একটি ইউনিট এবং পরে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে গেলেও হাতে-কলমে কাজ করার প্রয়োজন হয়নি। উপস্থিত কর্মীরা ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে ২টা ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে ঠিক কতটুকু ক্ষতি হয়েছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।