বগুড়ার শিবগঞ্জে কৃষকদের ন্যায্য অধিকার এবং সার সংকটের বিষয়কে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা জাহাঙ্গীর আলম আজ (১ ডিসেম্বর) বিকেল থেকে আমরণ অনশনে বসেছেন। তিনি উপজেলা সদরের শহীদ মীর মুগ্ধ স্কয়ারে অবস্থান নিয়েছেন। জাহাঙ্গীর আলম শিবগঞ্জ উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী। জাহাঙ্গীর আলম অভিযোগ করেছেন, সারের ডিলার সিন্ডিকেট, সার পাচার এবং কৃত্রিম সংকট সৃষ্টি করে কৃষকদের উপর অমানবিক চাপ সৃষ্টি করছে। সরকারি বরাদ্দে অনিয়ম, বাইরের উপজেলার ডিলার নিয়োগ এবং হিমাগারে আলু নষ্ট হওয়া—এসব ঘটনায় কৃষক আজ দিশাহীন। তিনি জানিয়েছেন, কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত তার অনশন চলবে। তার এই অনশনকে ঘিরে উপজেলায় আলোচনা ও কৌতূহল সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এক নজর দেখার জন্য অনশনস্থলে ভিড় করছেন। পাশাপাশি স্থানীয় এনসিপি ও ছাত্রশক্তির নেতারা উপস্থিত থেকে তার প্রতি সংহতি প্রকাশ করেছেন।