আগামী ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে তাপমাত্রা সামান্য কমারও আভাস দিয়েছে সংস্থাটি। সোমবার (১ ডিসেম্বর) আবহাওয়াবিদ খো. শাহীনুল ইসলামের স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এ সময়ে সারা দেশে রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে আকাশ আংশিক মেঘলা থাকবে। ভোরের দিকে দেশের উত্তর-পূর্বাঞ্চলের কিছু এলাকায় হালকা কুয়াশাও পড়তে পারে। এ ছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা ১–২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, যদিও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।