
আজকের বৈশ্বিক বায়ুদূষণের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের নয়াদিল্লি, আর ঢাকা অবস্থান করছে তৃতীয় স্থানে। নয়াদিল্লির একিউআই স্কোর দাঁড়িয়েছে ৩৬৮—যা জনস্বাস্থ্যের জন্য ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৭টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক বায়ুমান পরিমাপকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের প্রকাশিত সর্বশেষ সূচক থেকে এ তথ্য জানা যায়। আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ২৪৫ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়। এই মাত্রার বায়ুমানকে ‘খুব অস্বাস্থ্যকর’ ধরা হয়। একই সময়ে ৩৬৮ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, ২৫৬ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে কলকাতা। চতুর্থ স্থানে রয়েছে উজবেকিস্তানের রাজধানী তাশখন্দ (স্কোর ২১০) এবং পঞ্চম স্থানে চীনের চেংদু (স্কোর ১৯৬)। বায়ুমানের স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে তা ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১–১০০ ‘মধ্যম’, ১০১–১৫০ ‘সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, আর ১৫১–২০০ ‘অস্বাস্থ্যকর’। ২০১–৩০০ স্কোরকে ধরা হয় ‘খুব অস্বাস্থ্যকর’, যেখানে শিশু, প্রবীণ ও অসুস্থদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়। ৩০১–৪০০ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়, যা নাগরিকদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। একিউআই স্কোর নির্ধারণ করা হয় পাঁচ ধরনের দূষণকারী পদার্থের ভিত্তিতে—পিএম১০, পিএম২.৫, এনও₂, সিও, এসও₂ ও ওজোন (ও₃)। বায়ুদূষণ সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর হলেও শিশু, প্রবীণ, অসুস্থ ব্যক্তি এবং অন্তঃসত্ত্বাদের জন্য এর ঝুঁকি সবচেয়ে বেশি। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) হিসাব অনুযায়ী, বায়ুদূষণের কারণে প্রতিবছর বিশ্বে প্রায় ৭০ লাখ মানুষের মৃত্যু ঘটে। স্ট্রোক, হৃদ্রোগ, সিওপিডি, ফুসফুসের ক্যান্সার ও শ্বাসযন্ত্রের সংক্রমণ—এসব রোগে মৃত্যুর হার বায়ুদূষণের প্রভাবে উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।
