দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন বাংলাদেশি যুব ব্যবসায়ী আমিনুল ইসলাম সিদ্দিকী। দীর্ঘ ১৫ বছর প্রবাসে থাকার পর দেশে ফেরার স্বপ্ন নিয়ে এগোচ্ছিলেন তিনি। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম, আর এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্থানীয় সময় শুক্রবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে লিস্পুপুর শহরে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান ‘আকাশ সুপারশপে’ এই হত্যাকাণ্ড ঘটে। ৪৫ বছর বয়সী আমিনুল টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামের বাসিন্দা আজিজ সিদ্দিকীর মেজো ছেলে। তিনি এক ছেলে ও দুই কন্যা সন্তানের জনক। দক্ষিণ আফ্রিকা নর্থ শাখা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মোরশেদ এলাহী অঞ্জন বিষয়টি নিশ্চিত করেছেন। পারিবারিক সূত্র জানায়, জীবিকার সন্ধানে আমিনুল প্রায় ১৫ বছর আগে দক্ষিণ আফ্রিকায় যান এবং সেখানে সফলভাবে ব্যবসা পরিচালনা করছিলেন। শুক্রবার রাতে কয়েকজন সন্ত্রাসী দোকানে ঢুকে খুব কাছ থেকে তার মাথায় ছয় রাউন্ড গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। মির্জাপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও স্থানীয় বাসিন্দা হারুন অর রশীদ জানিয়েছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে এক সপ্তাহের মধ্যেই আমিনুলের মরদেহ দেশে আনা হবে।