
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে নিকুঞ্জ-১ এলাকায় সাজসজ্জা ও সৌন্দর্যবর্ধনের প্রকল্পে রাষ্ট্রের ২৪ কোটি টাকা ক্ষতি এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (৭ ডিসেম্বর) দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন, অভিযোগের ভিত্তি ও বস্তুনিষ্ঠতাই দুদকের অনুসন্ধানের প্রধান বিবেচ্য বিষয়; ব্যক্তির পরিচয় এখানে প্রভাব ফেলে না। অভিযোগ অনুযায়ী, রাজধানীর নিকুঞ্জ এলাকায় লেকড্রাইভ রোডের ৬ নম্বর প্লটে থাকা তিনতলা ডুপ্লেক্স বাড়িটিতে আবদুল হামিদ ২০২৩ সালের এপ্রিল মাসে দায়িত্ব শেষ করে সপরিবারে ওঠেন। অভিযোগে আরও বলা হয়েছে, বাড়ির দুই পাশের রাস্তা হাঁটার জন্য বন্ধ করে দেওয়া, নান্দনিক ডেক ও ঝুলন্ত ব্রিজ নির্মাণ এবং খালসংলগ্ন আধুনিক ল্যাম্পপোস্ট স্থাপনের মাধ্যমে রাষ্ট্রের বিপুল আর্থিক ক্ষতি হয়েছে।

