চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় প্রাণিসম্পদ কর্মকর্তার অফিসে রোববার রাতের কোনো এক সময়ে চুরির ঘটনা ঘটেছে। সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় অফিস সহকারী মো. ইয়াছিন কর্মস্থলে এসে জানালার গ্রিল কাটা, কাগজপত্র এলোমেলো ও অফিস ভাঙচুর দেখার পর বিষয়টি প্রকাশ পায়। মো. ইয়াছিন বলেন, “জানালার গ্রিল কাটা দেখে সন্দেহ হয়। ভিতরে দেখলাম সবকিছু এলোমেলো। সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তাদের খবর দিয়েছি।” প্রাথমিক তদন্তে জানা গেছে, চোররা পেছনের দিক দিয়ে প্রবেশ করে অফিসের কম্পিউটার, ল্যাপটপ, ক্যামেরা, সিসি ক্যামেরার ডিভিআর ও নগদ ২৫ হাজার টাকা নিয়ে গেছে। উপজেলা ভেটেনারি সার্জন ডা. করবী বড়ুয়া বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। চুরি হওয়া সামগ্রীর তালিকা করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে।” আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে। চুরির অভিযোগ দাখিলের প্রস্তুতি চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, “চোরেরা সিসি ক্যামেরার ডিভাইসও নিয়ে গেছে, যা নির্দেশ করে যে তারা প্রশিক্ষিত। এছাড়া নৈশ প্রহরীর অভাবে উপজেলা অফিসগুলো নিরাপত্তাহীনতায় আছে।”