২৩ বছর ছদ্মবেশে থেকেও আটক হাফিজ

0
131

বগুড়ায় ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং ২৩ বছর ধরে আত্মগোপনে থাকা হাফিজুর রহমান (৫৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৭ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে বগুড়া সদর থানার ছিলিমপুর পুলিশ ফাঁড়ি তাকে আটক করে। হাফিজুর রহমান গাবতলী উপজেলার পদ্মপাড়া গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে। সদরের ছিলিমপুর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর লাল মিয়া জানান, হাফিজুরকে ২০০২ সালে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ দায়ের ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজা দেওয়া হয় এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তবে তিনি আদালতে আত্মসমর্পণ না করে দেশের বিভিন্ন এলাকায় ছদ্মনাম ও ছদ্মবেশে বাস করে পুলিশকে ফাঁকি দিয়ে আসছিলেন। মামলার তথ্য অনুযায়ী, হাফিজুর রংপুরের এক তরুণীকে পালিয়ে বিয়ে করেন, যার পর তার বাবা ধর্ষণ মামলা করেন। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতাউর রহমান জানান, দীর্ঘ পর্যবেক্ষণ ও গোপন অনুসন্ধানের মাধ্যমে হাফিজুরের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here