অবৈধ মোবাইল ফোন বন্ধ এবং ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালুর ব্যাপারে সরকার কোনোভাবেই অবস্থান পরিবর্তন করবে না বলে জানিয়েছেন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের (এমবিসিবি) সভাপতি মোহাম্মদ আসলাম। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিটিআরসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, আলোচনায় কোনো ইতিবাচক অগ্রগতি হয়নি। অবৈধ ফোন বন্ধ ও এনইআইআর চালুর সিদ্ধান্তে সরকার সম্পূর্ণ অনড় রয়েছে। তিনি বলেন, *“আগামীকাল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাণিজ্য মন্ত্রণালয় ও বিটিআরসির সঙ্গে আবার বৈঠক হবে। সে পর্যন্ত অপেক্ষা করছি। এরপর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।”* এদিন সকালে এনবিআরের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান জানান, বৈধভাবে মোবাইল ফোন আমদানিতে শুল্ক কমানোর বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে। আদেশ পেলে এনবিআর তা বাস্তবায়ন করবে, তবে শুল্কছাড়ের মেয়াদ হবে স্বল্প সময়ের। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার। এর আগে সকাল সাড়ে ১১টার দিকে আগারগাঁওয়ের বিটিআরসি কার্যালয়ে ১০ সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে বৈঠকে বসে মোবাইল বিজনেস কমিউনিটি। বৈঠকে তারা এনইআইআর সংস্কার ও হ্যান্ডসেট নিবন্ধন এক বছর স্থগিত রাখার দাবি তুলে ধরেন। অন্যদিকে ব্যবসায়ীরা আরও দাবি করেন, করফাঁকি দিয়ে দেশে আনা ৫০ লাখের বেশি হ্যান্ডসেট শুল্ক দিয়ে বৈধ করার সুযোগ এবং বৈধ পথে আমদানি করা মোবাইল ফোনে ৫৮ শতাংশ শুল্ক কমানোর ব্যবস্থা করা হোক।