১০ বছরের প্রতীক্ষার পর সাতকানিয়ায় একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম

0
147

দীর্ঘ ১০ বছর সন্তানহীন থাকার পর চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এক নারী একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন। নবজাতকদের মধ্যে তিনজন মেয়ে ও দুজন ছেলে। বর্তমানে তারা একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) চিকিৎসাধীন। মা সুস্থ আছেন। সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় পিপলস হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে নবজাতকদের জন্ম হয়। জন্মের পর থেকেই তাদের ৭২ ঘণ্টার জন্য বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, মো. সুমন ও এ্যানি আক্তার দম্পতি দীর্ঘ ১০ বছর ধরে সন্তান লাভের জন্য বিভিন্ন পদ্ধতি অনুসরণ করেও ব্যর্থ হন। পরে রাঙামাটি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও ইনফার্টিলিটি বিশেষজ্ঞ ডা. ফরিদা ইয়াসমিন সুমির পরামর্শে তারা ইন্ট্রা-ইউটেরাইন ইনসেমিনেশন (আইইউআই) পদ্ধতি গ্রহণ করেন। আইইউআই পদ্ধতিতে স্বামীর বীর্য সংগ্রহ করে ল্যাবে বিশেষ প্রক্রিয়ায় প্রস্তুত করা হয় এবং পরে তা স্ত্রীর গর্ভে প্রবেশ করানো হয়। ডা. ফরিদা ইয়াসমিন সুমি জানান, *“দম্পতি দীর্ঘ ১০ বছর চেষ্টা করেও সন্তান নিতে পারেননি। আমরা আইইউআই করার পর মাত্র এক মাসের মধ্যেই পজিটিভ ফল আসে। আল্ট্রাসনোগ্রাফিতে প্রথমে চারটি শিশুর উপস্থিতি ধরা পড়ে। তবে অস্ত্রোপচারের সময় আরও একটি শিশুকে পাওয়া যায়—যা ছেলে। এটি সত্যিই আনন্দের এবং বিস্ময়ের মুহূর্ত ছিল।”* তিনি আরও বলেন, *“নবজাতকরা ৩২ সপ্তাহেই অপরিপক্ব অবস্থায় জন্মেছে। তাদের ওজন কম—১ কেজি থেকে ১ কেজি ৬০০ গ্রামের মধ্যে। তারা এখন নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। ৭২ ঘণ্টা পেরোলেই ঝুঁকি কমে আসবে।”* ডা. ফরিদা জানান, সন্তানদের বাবা মো. সুমন ছোটখাটো ব্যবসা করেন এবং পরিবারটি আর্থিকভাবে অস্বচ্ছল। নবজাতকদের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here