বোয়ালখালী প্রতিনিধি :
মহান মুক্তিযুদ্ধের বীর সেনানীদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে উপজেলা প্রশাসন। শীতের তীব্রতা বাড়তে থাকায় মুক্তিযোদ্ধাদের স্বাচ্ছন্দ্য ও সম্মানজনক জীবনযাপনের কথা বিবেচনায় রেখে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়। বুধবার ৭ জানুয়ারি সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান ফারুকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, “মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। ১৯৭১ সালে তাঁরা জীবন বাজি রেখে দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছেন। লাল-সবুজের পতাকা উড্ডয়নের পেছনে তাঁদের আত্মত্যাগ, রক্ত ও ত্যাগের ইতিহাস জড়িয়ে আছে। সেই স্বাধীনতাকে সমুন্নত রাখা এবং মুক্তিযোদ্ধাদের মর্যাদা অক্ষুণ্ন রাখা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।”তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পৌঁছে দেওয়া এবং মুক্তিযোদ্ধাদের সম্মান ও কল্যাণ নিশ্চিত করাই রাষ্ট্রের প্রধান কর্তব্য। উপজেলা প্রশাসন সবসময় মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের পাশে থাকবে বলেও তিনি আশ্বাস দেন। অনুষ্ঠানে উপজেলার প্রায় ১৫০টি বীর মুক্তিযোদ্ধা পরিবারকে শীতবস্ত্র প্রদান করা হয়। শীতবস্ত্র পেয়ে অনেক মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা কামরুল হাসান, বীর মুক্তিযোদ্ধা শরৎ বড়ুয়া, মহসীন খান তরুণ, মো. ফারুক, বেলাল হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ইউএনও মেহেদী হাসান ফারুক দায়িত্ব গ্রহণের পর থেকেই বোয়ালখালী উপজেলায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে ধারাবাহিক কার্যক্রম পরিচালনা করছেন। এর অংশ হিসেবে উপজেলার শাকপুরা, দাশের দীঘি, কালাইয়ার হাট, জোটপুকুর, বাদরতলা, কানুনগোপাড়া, গোমদণ্ডী ফুলতল, উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় শীতার্ত জেলে পরিবার, দরিদ্র মানুষ এবং এতিমখানার শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।একইদিন শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বোয়ালখালী উপজেলা সদরের প্রধান সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে সড়কের শৃঙ্খলা ও যান চলাচল স্বাভাবিক রাখতে এ অভিযান পরিচালিত হয়। উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, বোয়ালখালী থানা অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান। এছাড়াও থানা পুলিশের বিভিন্ন কর্মকর্তা, পুলিশ সদস্য এবং আনসার বাহিনীর সদস্যরা অভিযানে সহযোগিতা করেন। স্থানীয় সচেতন মহল মনে করেন, একদিকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো, অন্যদিকে অবৈধ দখল উচ্ছেদের মতো উদ্যোগ বোয়ালখালীতে মানবিক প্রশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাঁরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও উপজেলা প্রশাসনের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।