চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডবলমুরিং মডেল থানা পুলিশের সময়োপযোগী ও সাহসী অভিযানে এক ভয়ংকর ডাকাতি পরিকল্পনা নস্যাৎ হয়েছে। ডাকাতির প্রস্তুতিকালে বিপজ্জনক দেশীয় অস্ত্র উদ্ধারসহ পাঁচজন পেশাদার অপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ। ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জামাল উদ্দিন খানের সার্বিক তত্ত্বাবধানে এবং এসআই (নিঃ) মোঃ কামাল হোসাইনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ৯ জানুয়ারি ২০২৬ ইং তারিখ বিকাল আনুমানিক ৪টা ৩০ মিনিটে ডবলমুরিং থানাধীন ঝর্ণাপাড়া জোড় ডেবার পাড় এলাকার কড়ই গাছ তলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে সন্দেহজনকভাবে অবস্থানরত একটি ডাকাত দলকে ঘিরে ফেলে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তল্লাশিকালে ডাকাতির উদ্দেশ্যে বহন করা ৩টি কাঠের বাটযুক্ত ধারালো ছোরা, ১টি স্টিলের তৈরি চাপাতি এবং ১টি কাঠের বাটযুক্ত ধারালো দা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলো দিয়ে বড় ধরনের সহিংস ডাকাতির পরিকল্পনা ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। গ্রেফতারকৃত আসামিরা হলো— মোঃ ইউনুছ (৩০), মোঃ সেলিম (৩৪), মোঃ ইব্রাহিম খলিল প্রকাশ বাবুইয়া (৩২), মোঃ জীবন (২৬) এবং মোঃ ওসমান আলী (২৯)। তারা প্রত্যেকেই বিভিন্ন জেলার বাসিন্দা হলেও বর্তমানে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় ভাড়াবাসায় বসবাস করছিলেন। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বে অপরাধে জড়িত থাকার তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। এ ঘটনায় ডবলমুরিং মডেল থানায় মামলা নং-০৪, তারিখ-১০/০১/২০২৬ ইং, দণ্ডবিধি ১৮৬০ এর ৩৯৯/৪০২ ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ডবলমুরিং মডেল থানা পুলিশ জানায়, মহানগরবাসীর জানমাল নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।