প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৪, ২০২৬, ১২:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৯, ২০২৬, ১:৪২ পি.এম
পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযান, জেট ফুয়েল ও তেল জব্দ
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা ও ইপিজেড এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জেট ফুয়েল, অকটেন, ডিজেল ও ভোজ্য তেল জব্দ করেছে কোস্ট গার্ড। তবে অভিযানের খবর পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। মঙ্গলবার (১৯ মে) বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। কোস্ট গার্ড সূত্র জানায়, সোমবার (১৮ মে) গভীর রাতে পতেঙ্গা থানার ভিআইপি রোড এলাকার একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ২৩ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের ৭ হাজার লিটার জেট ফুয়েল, ৬ হাজার লিটার ডিজেল, দেড় হাজার লিটার অকটেন এবং পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়। এদিকে একই রাতে ইপিজেড থানার আকমল আলী স্লুইস গেট এলাকায় আরেকটি অভিযানে জাহাজ থেকে অবৈধভাবে খালাস করা ৫ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত তেলের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড। সংস্থাটি আরও জানিয়েছে, জব্দকৃত তেল ও ট্রাকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।