
সিএমপির ডিবি পশ্চিমের অভিযান: অস্ত্র পরিবহনে ব্যবহৃত লেগুনা জব্দ, সহযোগী পলাতক
চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি ও এক রাউন্ড কার্তুজসহ মো. মিজানুর রহমান (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি-পশ্চিম)। এ সময় অস্ত্র পরিবহনে ব্যবহৃত একটি লেগুনাও জব্দ করা হয়েছে। অভিযানের সময় তাঁর এক সহযোগী পালিয়ে যায়।

পুলিশ জানায়, গত ১ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ নগরীতে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবি পশ্চিমের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বায়েজিদ বোস্তামী থানাধীন টেক্সটাইল এম. আলম গ্যাস স্টেশন এলাকায় দুই ব্যক্তি অবৈধ অস্ত্র ও গুলি কেনাবেচা করছেন।
এ তথ্যের ভিত্তিতে একই দিন বিকেল ৫টা ১৫ মিনিটে গ্যাস স্টেশনের দক্ষিণ পাশে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় একটি লেগুনায় অবস্থানরত দুই ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া দিয়ে মো. মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তাঁর সহযোগী নিজাম উদ্দিন (২৮) পালিয়ে যেতে সক্ষম হন।
পরবর্তীতে গ্রেপ্তার মিজানুর রহমানের দেখানো ও শনাক্তমতে লেগুনার চালকের আসনের নিচে রাখা একটি ব্যাগ থেকে একটি দেশীয় তৈরি এলজি ও এক রাউন্ড সীসার কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় অস্ত্র পরিবহনে ব্যবহৃত চট্ট-মেট্রো-ছ-১১-৪১৩৪ নম্বরের লেগুনাটি জব্দ করা হয়েছে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজানুর রহমান জানিয়েছেন, উদ্ধার করা অস্ত্র ও কার্তুজ বিক্রির উদ্দেশ্যে তিনি নিজের হেফাজতে রেখেছিলেন। তবে এসব অস্ত্র ও গোলাবারুদের কোনো বৈধ কাগজপত্র তিনি দেখাতে পারেননি।
এ ঘটনায় গ্রেপ্তার মিজানুর রহমান ও পলাতক নিজাম উদ্দিনের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় অস্ত্র আইনের ১৯(ক) ধারায় এজাহার দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, পলাতক নিজাম উদ্দিনের বিরুদ্ধে হালিশহর থানায় একটি প্রতারণার মামলা রয়েছে।

