প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৬, ৫:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৭, ২০২৬, ৫:৩৫ এ.এম
ইনস্পেক্টর থেকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি: জাকির হোসেন মাহমুদের দীর্ঘ কর্মজীবনের যথার্থ স্বীকৃতি
একজন সৎ, নিষ্ঠাবান, বিচক্ষণ ও সাহসী পুলিশ কর্মকর্তার সাফল্যে আন্তরিক অভিনন্দন
- মো. কামাল উদ্দিন:
পেশাগত জীবনে সততা, নিষ্ঠা, সাহসিকতা ও দায়িত্ববোধের সমন্বয় যাঁর মধ্যে রয়েছে, তাঁর সাফল্য একসময় না একসময় স্বীকৃতি পায়। জাকির হোসেন মাহমুদের ইনস্পেক্টর থেকে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি তেমনই একটি আনন্দের ও গৌরবের অর্জন। আমি মনে করি, একজন যোগ্য, সৎ, বিচক্ষণ ও সাহসী পুলিশ কর্মকর্তার দীর্ঘদিনের কর্মনিষ্ঠার যথাযথ মূল্যায়ন হয়েছে এই পদোন্নতির মধ্য দিয়ে।
জাকির হোসেন মাহমুদের সঙ্গে আমার পরিচয় ও সম্পর্ক প্রায় দুই যুগের। তাঁর কর্মজীবনের নানা অধ্যায় আমি খুব কাছ থেকে দেখেছি। সেই উপপরিদর্শক (এসআই) পদে দায়িত্ব পালনের সময় থেকে আজকের এই পদোন্নতি পর্যন্ত তাঁর দীর্ঘ পথচলার অনেক স্মৃতি আমার জানা। একসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ছাত্রদলের রাজনীতিতে তাঁর সক্রিয় ভূমিকা ছিল। পরবর্তী সময়ে তিনি পুলিশ বাহিনীতে যোগ দিয়ে নিজেকে একজন দায়িত্বশীল ও সফল কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। কর্মজীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে নিজের যোগ্যতা, অভিজ্ঞতা ও পেশাদারত্বের স্বাক্ষর রেখেছেন।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন দিয়ে শুরু করে তিনি বিভিন্ন থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ফটিকছড়ি ও লোহাগড়া থানায় দায়িত্ব পালনকালে সুনাম অর্জন করেছেন। পরবর্তী সময়ে চট্টগ্রাম আদালতে জেলা কোর্ট পুলিশ ইন্সপেক্টর হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দামপাড়া পুলিশ লাইনে বদলি শাখার ইনস্পেক্টর হিসেবে কর্মরত রয়েছেন।
তাঁর কর্মজীবনের প্রতিটি দায়িত্ব পালনের অভিজ্ঞতা তাঁকে আরও পরিণত, বিচক্ষণ ও অভিজ্ঞ করে তুলেছে। একজন পুলিশ কর্মকর্তার কাছে শুধু আইন প্রয়োগের দক্ষতাই যথেষ্ট নয়; প্রয়োজন মানবিকতা, ধৈর্য, সাহসিকতা, ন্যায়বোধ এবং পরিস্থিতি বুঝে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। আমার দীর্ঘদিনের পরিচয় ও অভিজ্ঞতায় জাকির হোসেন মাহমুদের মধ্যে এসব গুণের সমন্বয় দেখতে পেয়েছি।
ব্যক্তিজীবনেও তিনি ধর্মপরায়ণ ও পারিবারিক মূল্যবোধে বিশ্বাসী একজন মানুষ। সম্প্রতি তিনি পবিত্র হজব্রত পালন করে দেশে ফিরেছেন। তাঁর সহধর্মিণী চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত একটি কলেজে বাংলা বিভাগের অধ্যাপিকা হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁদের পারিবারিক জীবনও শিক্ষা, মূল্যবোধ ও ধর্মীয় অনুশাসনের এক সুন্দর সমন্বয়।
জাকির হোসেন মাহমুদ আমার কাছে শুধু একজন পরিচিত পুলিশ কর্মকর্তা নন; তিনি আমার অত্যন্ত প্রিয় মানুষ, দীর্ঘদিনের বিশ্বস্ত সঙ্গী ও সুহৃদ। দুই দশকেরও বেশি সময়ের সম্পর্কের কারণে তাঁর আনন্দ, সাফল্য ও অর্জন আমার কাছেও বিশেষ আনন্দের।
আমি বিশ্বাস করি, এই পদোন্নতি তাঁর কর্মজীবনের শেষ অর্জন নয়; বরং আরও বড় দায়িত্ব, আরও বেশি জনসেবা এবং পেশাগত উৎকর্ষের নতুন দ্বার উন্মোচন করবে। নতুন পদে তিনি সততা, সাহসিকতা, নিরপেক্ষতা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করে পুলিশ বাহিনীর ভাবমূর্তি আরও উজ্জ্বল করবেন, এটাই আমার প্রত্যাশা।
প্রিয় জাকির হোসেন মাহমুদ, তোমার এই অর্জনে আমি আন্তরিকভাবে আনন্দিত ও গর্বিত। তোমার কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও পারিবারিক সুখ-শান্তি কামনা করছি। মহান আল্লাহ তোমার পবিত্র হজ কবুল করুন এবং জীবনের প্রতিটি পদক্ষেপে কল্যাণ দান করুন।
অভিনন্দন ও অফুরন্ত শুভকামনা।
Copyright © 2026 Chattalchitra. All rights reserved.