গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়াল সরকার, মাসে মিলবে মোবাইল ভাতাও

0
49

গ্রাম পুলিশের মাসিক বেতন, অবসরকালীন আনুতোষিক ও যাতায়াত ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। পাশাপাশি দায়িত্ব পালনে তথ্য আদান-প্রদানের সুবিধার্থে প্রত্যেক গ্রাম পুলিশ সদস্যকে মাসে ১৫০ টাকা করে মোবাইল ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত গ্রাম পুলিশ মহাসমাবেশে এসব ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, সাধারণ গ্রাম পুলিশ সদস্যদের মাসিক বেতন ৭ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা করা হয়েছে। এতে তাদের বেতন বেড়েছে ৩ হাজার টাকা। অন্যদিকে গ্রাম পুলিশ প্রধানের বেতন ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া অবসরকালীন আনুতোষিকও বাড়ানো হয়েছে। সাধারণ গ্রাম পুলিশ সদস্যদের আনুতোষিক ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা করা হয়েছে। আর গ্রাম পুলিশ প্রধানের আনুতোষিক ৮০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাড়ানো হয়েছে যাতায়াত ভাতাও। স্থানীয় থানায় যাতায়াতের জন্য আগে গ্রাম পুলিশ সদস্যরা প্রতি সপ্তাহে ৩০০ টাকা পেতেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তা বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। আর গ্রাম পুলিশ প্রধানের যাতায়াত ভাতা নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা।

এদিকে দায়িত্ব পালনের সময় তথ্য আদান-প্রদানে মোবাইল ফোন ব্যবহারের খরচ হিসেবে প্রত্যেক গ্রাম পুলিশ সদস্যকে মাসে ১৫০ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here