টেকনাফের দুর্গম পাহাড়ে ফের যৌথবাহিনীর অভিযান, তিন মরদেহের সন্ধান

0
35

কক্সবাজারের টেকনাফের দুর্গম পাহাড়ে মানবপাচারকারীদের গোপন আস্তানা ও বন্দিশালা নির্মূলে আবারও অভিযান শুরু করেছে যৌথবাহিনী। পাহাড়ে তিনটি মরদেহ পড়ে থাকার তথ্য পাওয়ার পর সেনাবাহিনীর নেতৃত্বে সেনা, বিজিবি ও পুলিশের দেড় শতাধিক সদস্য এ অভিযানে অংশ নিয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা-রঙ্গীখালীর দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান শুরু হয়। সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের নেতৃত্বে যৌথবাহিনীর সদস্যরা এ অভিযান পরিচালনা করছেন।

এর আগে পাহাড়ের গোপন বন্দিশালা থেকে উদ্ধার হওয়া ৫৭ জনকে শুক্রবার টেকনাফ মডেল থানার প্রাঙ্গণে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। উদ্ধার হওয়াদের মধ্যে ছয়জন রোহিঙ্গা এবং ৫১ জন বাংলাদেশি নাগরিক।

কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান অভিযান এবং পাহাড়ে তিনটি মরদেহ পড়ে থাকার তথ্য পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রঙ্গীখালীর পাহাড়ে তিনটি মরদেহ থাকার খবর পাওয়া গেছে। তবে উদ্ধার না হওয়া পর্যন্ত মরদেহের অস্তিত্ব কিংবা পরিচয় নিশ্চিত করা সম্ভব নয়। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

উদ্ধার হওয়া ব্যক্তিদের একজন শহিদুল ইসলাম দাবি করেছেন, দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় একাধিক ব্যক্তি নিহত হয়েছেন বলে তিনি শুনেছেন। বন্দিশালার কাছাকাছি তিনটি মরদেহ পড়ে থাকতেও দেখেছেন বলে জানান তিনি। তবে সেগুলো মানবপাচারকারী চক্রের সদস্যদের, নাকি পালিয়ে যাওয়া কোনো ভুক্তভোগীর, তা নিশ্চিত করতে পারেননি।

উদ্ধার হওয়া ব্যক্তিদের বর্ণনায় উঠে এসেছে পাহাড়ের গোপন বন্দিশালায় মানবপাচারকারী চক্রের প্রতারণা, জিম্মি ও নির্যাতনের ভয়াবহ চিত্র। ভুক্তভোগী আসাদুজ্জামান জানান, চাকরির প্রলোভন দেখিয়ে তাকে কক্সবাজারে ডেকে এনে পাহাড়ের একটি গোপন আস্তানায় আটকে রাখা হয়। সেখানে টানা আট দিন বন্দি ছিলেন তিনি। এ সময় দুবার পালানোর চেষ্টা করেও ব্যর্থ হন।

তার ভাষ্য অনুযায়ী, ওই বন্দিশালায় ৫০ জনের বেশি মানুষকে আটকে রাখা হয়েছিল। তাদের সাগরপথে পাচারের প্রস্তুতি চলছিল। সশস্ত্র ব্যক্তিরা আস্তানাটি পাহারা দিতেন। বন্দিদের মুঠোফোনসহ ব্যক্তিগত জিনিসপত্র কেড়ে নেওয়ায় বাইরের কারও সঙ্গে যোগাযোগের সুযোগ ছিল না।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের তথ্য অনুযায়ী, টেকনাফের দুর্গম পাহাড় দীর্ঘদিন ধরে মানবপাচারকারী চক্রের গোপন আস্তানা ও বন্দিশালা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। চাকরি কিংবা বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে লোকজনকে সেখানে আটকে রেখে পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় অথবা সাগরপথে পাচারের চেষ্টা করা হয়।

এদিকে পাহাড়ে তিনটি মরদেহ পড়ে থাকার খবর এবং সশস্ত্র অপরাধীদের তৎপরতায় স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। মানবপাচারকারী চক্রের আস্তানা নির্মূল এবং পাহাড়ি এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here