পাইকারি বাজারে বাড়ছে চালের দাম, স্বস্তি ফিরছে সবজিতে

0
53

রাজধানীর পাইকারি বাজারে আবারও বাড়তে শুরু করেছে চালের দাম। বিশেষ করে সরু ও মাঝারি চালের ৫০ কেজির বস্তায় ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। তবে মোটা চালের দাম অপরিবর্তিত রয়েছে। মিল পর্যায়ে উৎপাদন ব্যয় ও পরিবহন খরচ বেড়ে যাওয়াকে দাম বৃদ্ধির কারণ হিসেবে দেখছেন আড়তদাররা। যদিও পাইকারি ব্যবসায়ীদের একাংশের মতে, পরিবহন ভাড়া বাড়ার কারণে আগেই চালের দাম সমন্বয় করা হয়েছে। তাই নতুন করে দাম বাড়ানোর যৌক্তিকতা নেই।

রাজধানীর কারওয়ান বাজারের পাইকারি প্রতিষ্ঠান লাকসাম ট্রেডার্সের বিক্রেতা মো. মোশাররফ হোসেন শুক্রবার কালবেলাকে জানান, মিলগেট থেকেই চালের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। উৎপাদন ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় মিলগুলো বাড়তি দামে চাল সরবরাহ করছে। ফলে পাইকারি ব্যবসায়ীদেরও বেশি দামে চাল বিক্রি করতে হচ্ছে।

পাইকারি বিক্রেতাদের তথ্য অনুযায়ী, দুদিন আগেও মিনিকেট চালের ৫০ কেজির বস্তা ৩ হাজার ৪০০ থেকে ৩ হাজার ৬০০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ৩ হাজার ৫০০ থেকে ৩ হাজার ৭০০ টাকায় দাঁড়িয়েছে। একইভাবে মাঝারি মানের আটাশ চালের ৫০ কেজির বস্তা ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৪০০ টাকা থেকে বেড়ে ২ হাজার ৪০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

তবে পাইকারি বাজারে দাম বাড়লেও এখনো খুচরা বাজারে এর প্রভাব পড়েনি। রাজধানীর মালিবাগ বাজারের গাজী স্টোরের বিক্রেতা মো. মাসুদ রানা জানান, আগের মতোই প্রতি কেজি মিনিকেট চাল ৮০ টাকা এবং আটাশ চাল ৬৫ টাকায় বিক্রি হচ্ছে। পাইকারিতে দাম বাড়ার প্রভাব খুচরা বাজারে পৌঁছাতে কিছুটা সময় লাগে বলেও জানান তিনি।

এদিকে শীতকালীন সবজির সরবরাহ বাড়তে শুরু করায় রাজধানীর কাঁচাবাজারে বেশ কিছু সবজির দাম কমেছে। তবে দাম কমলেও অনেক সবজি এখনো সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে বলে জানিয়েছেন ভোক্তারা। বিশেষ করে নিম্নআয়ের মানুষের জন্য বাজারের খরচ সামলানো কঠিন হয়ে পড়েছে। শীতের মৌসুম পুরোদমে শুরু হলে সবজির দাম আরও কমবে বলে আশা করছেন ক্রেতা ও ব্যবসায়ীরা।

বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। গোল বেগুনের দাম কমে দাঁড়িয়েছে ৮০ থেকে ৯০ টাকা। করলার কেজিতে ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ৭০ টাকায়। ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস ১০ টাকা কমে অনেক দোকানে ৪০ টাকায় পাওয়া যাচ্ছে।

এ ছাড়া ধুন্দল, ঝিঙা, কচুরমুখি, কচুরলতি, বরবটি ও মুলার দাম কেজিতে প্রায় ১০ টাকা কমেছে। তবে টমেটোর দাম এখনো বেশি। প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে প্রায় ১২০ টাকায়। গাজরের কেজি ১৪০ টাকা এবং শসা ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা পেঁপের দাম আগের মতোই ৩০ টাকা রয়েছে।

অন্যদিকে সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কিছুটা কমেছে। দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়। আদা, রসুন ও আলুর দামও প্রায় অপরিবর্তিত রয়েছে।

তবে মাছের বাজারে এখনো চড়া দাম বিরাজ করছে। গরু, খাসি ও মুরগির মাংসের দামেও তেমন পরিবর্তন দেখা যায়নি। বর্তমানে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০ টাকায়। ফার্মের বাদামি ডিমের ডজন ১৩০ থেকে ১৪০ টাকা এবং পাড়া-মহল্লার দোকানে প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে ৫০ টাকায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here