সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন কার্যক্রম শুরু করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এ উদ্যোগ বাস্তবায়িত হলে ৬ থেকে ১৬ বছর বয়সী শিশুরাও জাতীয় পরিচয়পত্র সেবার আওতায় আসবে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কমিশন।
শনিবার (৭ নভেম্বর) নির্বাচন কমিশনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
ইসি সূত্রে জানা গেছে, সম্প্রতি কমিশনের এক বৈঠকে অপ্রাপ্তবয়স্কদের এনআইডি নিবন্ধনের বিষয়টি আলোচনায় ওঠে। সেখানে ইসি সচিব আখতার আহমেদ ৬ থেকে ১৬ বছর বয়সী শিশুদের নিবন্ধন কার্যক্রম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যমে শুরু করার প্রস্তাব দেন।
প্রস্তাব অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয় থেকেই শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে এনআইডি নিবন্ধনের উদ্যোগ নেওয়া হতে পারে। এর মাধ্যমে অল্প বয়স থেকেই নাগরিকদের জাতীয় পরিচয়সংক্রান্ত তথ্য কেন্দ্রীয়ভাবে সংরক্ষণের সুযোগ তৈরি হবে।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ‘জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকা এবং নির্বাচন ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তি প্রয়োগ কমিটি’র সভাপতি ও নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এ বিষয়ে একটি কর্মশালা আয়োজনের নির্দেশ দিয়েছেন। কর্মশালায় বিস্তারিত আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে সুপারিশ প্রণয়ন করে কমিশনে উপস্থাপনের দায়িত্ব দেওয়া হয়েছে এনআইডি মহাপরিচালককে।
বর্তমানে ১৬ বছর বয়স থেকে জাতীয় পরিচয়পত্রের সেবা দিয়ে আসছে নির্বাচন কমিশন। তবে এর চেয়ে কম বয়সী নাগরিকদেরও এনআইডি নিবন্ধনের আওতায় আনার দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছেন বিভিন্ন মহল। নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে অপ্রাপ্তবয়স্কদের এনআইডি নিবন্ধনের সেই সুযোগ তৈরি হতে পারে।
এদিকে সর্বশেষ ভোটার তালিকার তথ্য অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৬৭ জন।