ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে ই-মেইল পাঠিয়েছে লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স। তবে ই-মেইলের সঙ্গে শেখ হাসিনার অনুমোদন কিংবা তার পক্ষে আবেদন করার বৈধতা প্রমাণের কোনো নথি সংযুক্ত না থাকায় বিষয়টি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকালে দিল্লির কূটনৈতিক একটি সূত্র ই-মেইল পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। ই-মেইলটি পাওয়ার পর পরবর্তী করণীয় জানতে তাৎক্ষণিকভাবে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছে বাংলাদেশ হাইকমিশন।
হাইকমিশন সূত্র জানায়, ম্যাট্রিক্স চেম্বার্স নামের একটি প্রতিষ্ঠান থেকে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ফেরত চেয়ে ই-মেইল পাওয়া গেছে। তবে এটি সত্যিই শেখ হাসিনার পক্ষ থেকে পাঠানো হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়ার মতো কোনো প্রমাণ পাওয়া যায়নি। কারণ, ই-মেইলের সঙ্গে শেখ হাসিনার অনুমোদন বা আইনজীবীদের তার পক্ষে যোগাযোগের ক্ষমতা প্রদানের কোনো নথি ছিল না। এ কারণে বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রও ই-মেইল পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, দিল্লি হাইকমিশন ই-মেইল পাওয়ার পরপরই মন্ত্রণালয়কে অবহিত করেছে। এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাংবাদিকদের ব্রিফ করবেন বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা যায়, ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে পাঠানো ই-মেইলের শুরুতে একজন আইনজীবী নিজেকে শেখ হাসিনার আইনজীবী হিসেবে পরিচয় দিয়ে তার পক্ষে যোগাযোগের কথা উল্লেখ করেন। পরে কয়েকটি বিষয় তুলে ধরে শেখ হাসিনার নামে নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর অনুরোধ জানানো হয়।
ই-মেইলে দাবি করা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ শেখ হাসিনার বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তারা জানতে পেরেছেন। এ অবস্থায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে তার জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যু করতে হাইকমিশনের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
এর আগে বার্তা সংস্থা রয়টার্স তাদের হাতে আসা একটি চিঠির বরাতে জানিয়েছিল, দেশে ফেরার উদ্দেশ্যে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আবেদন করেছেন শেখ হাসিনা।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে যাওয়ার পর এবারই প্রথম এ ধরনের আবেদন করেছেন তিনি।
উল্লেখ্য, বর্তমানে ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডি চাওয়ার বিষয়টিকে দেশে ফেরার প্রস্তুতির সঙ্গে সংশ্লিষ্ট একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। আগামী ডিসেম্বরে তার দেশে ফেরার পরিকল্পনা রয়েছে বলেও বিভিন্ন সূত্রে জানা গেছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত বা নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।