চিকিৎসার জন্য বিদেশে ৩০ হাজার ডলার পাঠাতে পারবেন বাংলাদেশিরা

0
28

বিদেশে চিকিৎসার ব্যয় মেটাতে বাংলাদেশ থেকে বৈদেশিক মুদ্রা পাঠানোর সীমা দ্বিগুণ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমতি ছাড়াই একজন বাংলাদেশি সর্বোচ্চ ৩০ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা বিদেশে পাঠাতে পারবেন। আগে এ সীমা ছিল ১৫ হাজার ডলার। পাশাপাশি বিদেশে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনার খরচ পাঠানোর নিয়মেও শিথিলতা আনা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-২ এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে। এতে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোর মাধ্যমে বিদেশে অর্থ পাঠানোর ক্ষেত্রে বেশ কিছু নিয়ম পরিবর্তনের কথা জানানো হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, বিদেশে চিকিৎসার খরচ বাবদ এডি ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের আগাম অনুমোদন ছাড়াই সর্বোচ্চ ৩০ হাজার ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে। আগে এ ক্ষেত্রে সর্বোচ্চ সীমা ছিল ১৫ হাজার ডলার। এ বিষয়ে গত ৩০ সেপ্টেম্বর জারি করা এফই সার্কুলার নম্বর ৪০-এর সংশ্লিষ্ট বিধান সংশোধন করা হয়েছে।

বিদেশে শিক্ষার ব্যয় নির্বাহের ক্ষেত্রেও নতুন সুবিধা যুক্ত হয়েছে। আগে স্কুল পর্যায়ে পড়াশোনার খরচ পাঠাতে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমতি নিতে হতো। নতুন নিয়মে বিদেশে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সমমানের শিক্ষার জন্য এডি ব্যাংকগুলো সরাসরি বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে। তবে সংশ্লিষ্ট দেশে বিনা মূল্যে শিক্ষার সুযোগ রয়েছে কি না, তা যাচাই করতে হবে।

এ ছাড়া সার্টিফিকেশন ও পেশাগত প্রশিক্ষণ কোর্সের পাশাপাশি চিঠিপত্রের মাধ্যমে পরিচালিত নিয়মিত একাডেমিক কোর্সের ফি পরিশোধের জন্যও বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি ছাড়াই বৈদেশিক মুদ্রা পাঠানো যাবে।

সার্কুলারে বিদেশ ভ্রমণ, চিকিৎসা ও শিক্ষাসহ বিভিন্ন ব্যক্তিগত প্রয়োজনে বৈদেশিক মুদ্রা ব্যবহারের সুযোগ বাড়ানোর বিষয়টিও তুলে ধরা হয়েছে। তবে বিদেশ থেকে দেশে আনা বৈদেশিক মুদ্রা রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি) হিসাবে জমা রাখার ক্ষেত্রে নতুন শর্ত যুক্ত করা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশে বসবাসকারী কোনো নাগরিক বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা এনে আরএফসিডি হিসাবে জমা রাখতে চাইলে কাস্টমস কর্তৃপক্ষের কাছে ফরম এফএমজে-এর মাধ্যমে তা ঘোষণা করতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন সিদ্ধান্তগুলো কার্যকর করার জন্য প্রচলিত বৈদেশিক মুদ্রা বিধিমালার সংশ্লিষ্ট বিধান প্রয়োজন অনুযায়ী সংশোধিত বলে গণ্য হবে। তবে এ বিষয়ে আগে জারি করা অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here