বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিভিন্ন কার্যক্রমে প্রায় ৭৫৩ কোটি ৫০ লাখ টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠে এসেছে। উড়োজাহাজ কেনা, পরিচালনা, রাজস্ব আদায়, প্যাসেঞ্জার সার্ভিস সিস্টেম এবং লোকসানি রুট পরিচালনাসহ বিভিন্ন খাতে এসব অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ১৯৯৬ থেকে ২০২১ সাল পর্যন্ত জমে থাকা ১১১টি অডিট আপত্তিতে এই অর্থ জড়িত রয়েছে।
এসব অনিয়মের দায় নির্ধারণ, সরকারি অর্থের অপচয়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ, অনাদায়ি অর্থ উদ্ধার এবং অডিট আপত্তি দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটি।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে কমিটির ষষ্ঠ বৈঠকের অগ্রগতি পর্যালোচনা সভায় এসব নির্দেশনা দেওয়া হয়। কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বিমানের ক্রয় নীতিমালায় পুরোনো উড়োজাহাজ কেনার সুযোগ না থাকলেও লিজে নেওয়া ১৫ বছর বয়সী দুটি ড্যাশ-৮ উড়োজাহাজ লিজের মেয়াদ শেষে কিনে নেওয়ার বিষয়টি বৈঠকে গুরুত্ব পায়। পরবর্তী সময়ে উড়োজাহাজ দুটি পরিচালনা ও সংশ্লিষ্ট কার্যক্রমেও সরকারি অর্থের অপচয়ের অভিযোগ উঠে আসে।
এ ঘটনায় তৎকালীন পরিচালনা পর্ষদ ও ক্রয় কমিটির সংশ্লিষ্ট সদস্যদের তালিকা ১৫ দিন থেকে এক মাসের মধ্যে জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি আর্থিক ক্ষতির দায় নির্ধারণ করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
ডিপার্চার কন্ট্রোল সিস্টেম ও র্যাপিড সফটওয়্যারের দুর্বলতার কারণে বিমানের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতির বিষয়টিও অডিটে উঠে এসেছে। আন্তর্জাতিক ফ্লাইটে ইকোনমি ক্লাসের যাত্রীদের বিজনেস ক্লাসে উন্নীত করে অতিরিক্ত অর্থ আদায় করা হলেও সেই অর্থ বিমানের অ্যাকাউন্টিং সিস্টেমে জমা হয়নি বলে নিরীক্ষায় উল্লেখ করা হয়েছে।
এ ধরনের অনিয়ম ও রাজস্ব ফাঁকি বন্ধে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় থেকে বিমানে পূর্ণাঙ্গ আইটি অডিট শুরু হয়েছে। এ কার্যক্রমের অংশ হিসেবে গত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সব তথ্য-উপাত্ত নিরীক্ষকদের কাছে সরবরাহ করতে বিমান কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে সংসদীয় কমিটি।
যথাযথ বাণিজ্যিক সম্ভাব্যতা যাচাই না করে পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে বিভিন্ন রুট চালু রাখার ফলে আর্থিক ক্ষতির অভিযোগও পর্যালোচনা করা হয় বৈঠকে। এ বিষয়ে সংশ্লিষ্ট পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের নথি এবং প্রতিটি রুটের আয়-ব্যয়ের বিস্তারিত হিসাবসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এ ছাড়া প্যাসেঞ্জার সার্ভিস সিস্টেম সরবরাহকারী প্রতিষ্ঠান স্যাবরের সঙ্গে চুক্তি অনুযায়ী নির্ধারিত সব সেবা না পেয়েও সম্পূর্ণ অর্থ পরিশোধের বিষয়টি পর্যালোচনা করেছে কমিটি। এ বিষয়ে বিমান কর্তৃপক্ষ ও অডিট বিভাগকে যৌথভাবে সাত দিনের মধ্যে লিখিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
লিজ নেওয়া দুটি উড়োজাহাজের বিপরীতে ব্যয়-সংক্রান্ত চুক্তি ও বিলের নথিপত্র নিরীক্ষকদের সামনে উপস্থাপন করতে না পারার বিষয়টিও আলোচনায় আসে। এসব নথি আগামী ১৫ দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কমিটি। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে বিমান কর্তৃপক্ষ।
কভিডকালীন সময়ে ঢাকা-গুয়াংজু রুটে পরিচালিত চার্টার্ড কার্গো ফ্লাইটের ভাড়া কম দেখিয়ে অতিরিক্ত অর্থ সরকারি কোষাগারে জমা না দেওয়ার অভিযোগও বৈঠকে পর্যালোচনা করা হয়।
এ ঘটনায় অভ্যন্তরীণ তদন্ত এক মাসের মধ্যে শেষ করে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
বৈঠকে জানানো হয়, ১৯৯৬ থেকে ২০২১ সাল পর্যন্ত বিমানের ১১১টি ঝুলে থাকা অডিট আপত্তিতে প্রায় ৭৫৩ কোটি ৫০ লাখ টাকা জড়িত রয়েছে। এর মধ্যে নিরীক্ষার নির্দেশিত ৪৫টি অর্থ আদায়-সংক্রান্ত আপত্তির বিপরীতে আটটির অর্থ আদায় হয়েছে বলে দাবি করেছে বিমান কর্তৃপক্ষ। তবে এ দাবির সমর্থনে প্রয়োজনীয় বৈধ ব্যাংক স্টেটমেন্ট উপস্থাপন করতে না পারায় অডিট বিভাগ তা গ্রহণ করেনি।
অমীমাংসিত অডিট আপত্তি নিষ্পত্তি, অনাদায়ি অর্থ উদ্ধার এবং সংশ্লিষ্ট মামলা ও আইনি কার্যক্রমের অগ্রগতি নিয়ে সুনির্দিষ্ট সময়সীমাভিত্তিক কর্মপরিকল্পনাসহ এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বৈঠকে বিমানের আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করা, অডিট আপত্তি দ্রুত নিষ্পত্তি, অনাদায়ি রাজস্ব উদ্ধার এবং অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে দুর্নীতিমুক্ত, প্রযুক্তিগতভাবে আধুনিক, দক্ষ ও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
বৈঠকে কমিটির সদস্য ও হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, মোছা. তাহসিনা রুশদীর, খোন্দকার আবু আশফাক, মোহাম্মদ কয়ছর আহমেদ, বিশ্বাস জাহাঙ্গীর আলম, মোহাম্মদ নাজিবুর রহমান ও মোহাম্মদ কামাল হোসেন উপস্থিত ছিলেন।
এ ছাড়া মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।