অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি ৫৪ মাসের মধ্যে সর্বনিম্ন

0
31

দেশে খাদ্য মূল্যস্ফীতির হার উল্লেখযোগ্যভাবে কমেছে। গত অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি নেমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৪০ শতাংশে, যা গত ৫৪ মাসের মধ্যে সর্বনিম্ন। নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যপণ্যের দাম কমে আসায় কিছুটা স্বস্তি ফিরছে সাধারণ মানুষের মধ্যে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ ভোক্তা মূল্যসূচক (সিপিআই) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, গত সেপ্টেম্বরে খাদ্য মূল্যস্ফীতির হার ছিল ৭ দশমিক ২২ শতাংশ। এক মাসের ব্যবধানে তা কমেছে ০ দশমিক ৮২ শতাংশীয় পয়েন্ট। একই সময়ে সার্বিক পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতিও সামান্য কমে ৮ দশমিক ২৭ শতাংশে দাঁড়িয়েছে। সেপ্টেম্বরে এ হার ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ।

খাদ্যপণ্যের বাজারে দাম কমার প্রবণতা সার্বিক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রেখেছে। শুধু শহর নয়, গ্রামাঞ্চলেও খাদ্যপণ্যের দামে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।

বিবিএসের পরিসংখ্যান বলছে, গ্রামাঞ্চলে খাদ্য মূল্যস্ফীতি সেপ্টেম্বরে ৭ দশমিক ১৮ শতাংশ থাকলেও অক্টোবরে তা কমে ৬ দশমিক ৩৭ শতাংশ হয়েছে। অন্যদিকে, শহরাঞ্চলে এই হার ৭ দশমিক ২৫ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৪২ শতাংশে। অর্থাৎ গ্রাম ও শহর উভয় এলাকাতেই খাদ্য মূল্যস্ফীতির চাপ কমেছে।

অক্টোবরে বোয়াল, আইড়, বাইল্যা ও কই মাছ, তরল দুধ, বেগুন, লাউ, মিষ্টিকুমড়া, গাজর, শসা ও মুলার দাম কমেছে। পাশাপাশি পোশাক, স্বর্ণ ও রুপার দামেও নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। বিশেষ করে ২২ ক্যারেট স্বর্ণের দাম কমেছে।

বিবিএসের ন্যাশনাল অ্যাকাউন্টিং উইংয়ের পরিচালক (চলতি দায়িত্ব) মো. শাহাবুদ্দিন সরকার বলেন, বিবিএসের তথ্য অনুযায়ী মূল্যস্ফীতির যে চিত্র পাওয়া যাচ্ছে, তা বাজারের বর্তমান পরিস্থিতির প্রতিফলন।

তবে খাদ্য মূল্যস্ফীতি কমলেও খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতির হার বেড়েছে। সেপ্টেম্বরে এ খাতের মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৩০ শতাংশ, যা অক্টোবরে বেড়ে ৯ দশমিক ৮৯ শতাংশ হয়েছে। গ্রামাঞ্চলে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৫৭ শতাংশ থেকে বেড়ে ১০ দশমিক ২১ শতাংশ এবং শহরাঞ্চলে ৮ দশমিক ৯৪ শতাংশ থেকে বেড়ে ৯ দশমিক ৪৮ শতাংশে পৌঁছেছে।

এরপরও খাদ্যপণ্যের দাম কমার প্রভাবে সার্বিক মূল্যস্ফীতিতে কিছুটা ইতিবাচক পরিবর্তন এসেছে। অক্টোবরে পয়েন্ট-টু-পয়েন্ট সাধারণ মূল্যস্ফীতি ৮ দশমিক ২৭ শতাংশে নেমেছে, যা সেপ্টেম্বরে ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ। তবে গত বছরের একই সময়ে এই হার ছিল ৮ দশমিক ১৭ শতাংশ।

এদিকে, মাসভিত্তিক হিসাবে অক্টোবরে সার্বিক ভোক্তা মূল্যসূচক (সিপিআই) বেড়ে ১৫৬ দশমিক ১৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সেপ্টেম্বরে এ সূচক ছিল ১৫৩ দশমিক ৩৩ পয়েন্ট। একই সময়ে মাসভিত্তিক মূল্যস্ফীতির হার ১ দশমিক ১২ শতাংশ থেকে বেড়ে ১ দশমিক ৮২ শতাংশ হয়েছে।

অক্টোবরে যেসব পণ্যের দাম বেড়েছে, সেগুলোর মধ্যে রয়েছে সামুদ্রিক মাছ, বরবটি, পাকা পেঁপে, মসুর ডাল, মুগ ডাল, গৃহস্থালি প্রয়োজনীয় সামগ্রী, জ্বালানি তেল ও বোতলজাত গ্যাস। এসব পণ্যের মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে জ্বালানি তেলের দাম।

বিবিএস ৩৮৩টি পণ্যের ৭৪৯টি ধরন বিবেচনায় নিয়ে ভোক্তা মূল্যসূচক (সিপিআই) নির্ধারণ করে। এর মধ্যে খাদ্যপণ্য রয়েছে ২৪২টি এবং খাদ্যবহির্ভূত পণ্য ৫০৭টি।

প্রতি মাসের ১১ থেকে ১৯ তারিখ পর্যন্ত দেশের মহানগর, জেলা শহর ও গ্রামীণ এলাকার হাটবাজারসহ মোট ১৫৪টি বাজার থেকে এসব পণ্যের দাম সংগ্রহ করা হয়। এ জন্য ৪৬২টি দোকান ও বিক্রয়কেন্দ্রের তথ্য পর্যালোচনা করা হয়। সংগৃহীত পণ্যের গড় দাম এবং নির্ধারিত ভার বিবেচনায় নিয়ে জাতীয় ভোক্তা মূল্যসূচক তৈরি করে বিবিএস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here