শীতকালীন সবজিতে সবুজ ডিমলার মাঠ, ন্যায্যমূল্য নিয়ে শঙ্কায় কৃষক

0
32

নীলফামারীর ডিমলায় শীতকালীন সবজির আবাদ ঘিরে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। উপজেলার বিস্তীর্ণ মাঠে এখন শোভা পাচ্ছে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন, মুলা, শিম, লাউ, আলু ও মরিচসহ বিভিন্ন ধরনের শীতকালীন সবজি। কোথাও চলছে চারা রোপণ, কোথাও সার প্রয়োগ, সেচ ও জমির পরিচর্যা। আবার আগাম জাতের সবজি বাজারে তোলার প্রস্তুতিও নিচ্ছেন অনেকে।

তবে মাঠজুড়ে সবুজের সমারোহ আর ভালো ফলনের সম্ভাবনার মধ্যেও কৃষকদের মনে রয়েছে লোকসানের শঙ্কা। বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরিসহ উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় বিনিয়োগের চাপ বাড়ছে। অন্যদিকে বাজারে ন্যায্যমূল্য পাওয়া নিয়ে অনিশ্চয়তা থাকায় মৌসুম শেষে লাভের মুখ দেখা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা।

জানা গেছে, প্রতিবছর ডিমলা উপজেলায় উল্লেখযোগ্য পরিমাণ জমিতে বিভিন্ন ধরনের সবজি উৎপাদন হয়। স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি এসব সবজি সরবরাহ করা হয় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের বাজারে। মৌসুমের শুরু থেকেই আগাম সবজি ও শীতকালীন ফসল চাষে ব্যস্ত হয়ে পড়েন এ অঞ্চলের কৃষকরা।

উপজেলার নাউতারা ইউনিয়ন, ডিমলা সদর ইউনিয়নের কুটিরডাঙ্গা, বালাপাড়া ইউনিয়নের রামডাঙ্গা, গয়াবাড়ি ইউনিয়নের মতির বাজার ও দক্ষিণ গয়াবাড়ি এলাকায় শীতকালীন সবজির আবাদ বেশি চোখে পড়ে। এ ছাড়া পূর্ব ও পশ্চিম ছাতনাই, খগাখরিবাড়ি, টেপাখরিবাড়ি, খালিশা চাপানি এবং ঝুনাগাছ চাপানি ইউনিয়নের তিস্তা নদীবেষ্টিত চরাঞ্চলের উর্বর পলিমাটিতেও বিভিন্ন ধরনের সবজি ও অন্যান্য ফসল চাষ করছেন কৃষকরা।

একই জমিতে বছরে একাধিক ফসল উৎপাদনের সুযোগ থাকায় শীতকালীন সবজি চাষ স্থানীয় কৃষকদের বাড়তি আয়ের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। তবে উৎপাদন খরচ বৃদ্ধি এবং বাজারে সরবরাহ বেড়ে গেলে দাম কমে যাওয়ার আশঙ্কা তাদের ভাবিয়ে তুলছে। অনেক সময় ভালো ফলন হলেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় উৎপাদন খরচ তুলতে হিমশিম খেতে হয় বলে জানিয়েছেন তারা।

চরখড়িবাড়ি এলাকার কৃষক দুলাল হোসেন জানান, তিনি এক একর জমিতে আগাম জাতের ফুলকপি চাষ করেছেন। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যে এসব ফুলকপি বাজারে তুলতে পারবেন বলে আশা করছেন। পাশাপাশি ফুলকপি, বাঁধাকপি ও টমেটোর চারা উৎপাদন করে বিক্রিও করেন তিনি। তবে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় বাজারে ভালো দাম না পেলে লাভ করা কঠিন হবে বলে জানান এই কৃষক।

কুটিরডাঙ্গা এলাকার কৃষক হজরত আলী ফুলকপি, বাঁধাকপি ও লাউসহ বিভিন্ন ধরনের শীতকালীন সবজির চাষ করেছেন। বাজারদর নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়ে তিনি বলেন, আগেভাগে সবজির দাম বলা কঠিন। বাজার ভালো থাকলে লাভ হবে, আর দাম কমে গেলে লোকসানের আশঙ্কা রয়েছে।

একই এলাকার কৃষক আহসান হাবিব শীতকালীন সবজি চাষের জন্য আশা এনজিও থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়েছেন। তিনি বলেন, বীজ, সার, কীটনাশক ও সেচের খরচ আগের তুলনায় অনেক বেড়েছে। উৎপাদিত সবজি ন্যায্যমূল্যে বিক্রি করতে না পারলে খরচ তোলার পাশাপাশি ঋণ পরিশোধ করাও কঠিন হয়ে পড়বে। এতে সংসারের ব্যয় মেটানোর পাশাপাশি পরবর্তী মৌসুমে চাষাবাদের জন্য প্রয়োজনীয় পুঁজি সংগ্রহ নিয়েও অনিশ্চয়তা তৈরি হবে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে ডিমলা উপজেলায় প্রায় ২৬ হাজার ২৫৬ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের রবি ফসল আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৭৫০ হেক্টর জমিতে আলু, ৯০ হেক্টরে পেঁয়াজ, ৩২৮ হেক্টরে গম এবং ১ হাজার ৫৯ হেক্টর জমিতে ফুলকপি, বাঁধাকপি, টমেটো ও মরিচসহ বিভিন্ন শীতকালীন সবজি চাষ করা হচ্ছে। এ ছাড়া প্রায় ১ হাজার ৩৫০ হেক্টর জমিতে সরিষার আবাদ হচ্ছে।

গয়াবাড়ি ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা শাহজাহান আলী বলেন, কৃষকদের আধুনিক ও উন্নত পদ্ধতিতে সবজি চাষে উৎসাহিত করা হচ্ছে। জমিতে জৈব সার ব্যবহার, মাটির অম্লতা পরীক্ষা করে প্রয়োজন অনুযায়ী ডলোচুন প্রয়োগ এবং সুষম মাত্রায় রাসায়নিক সার ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি ফসলের নিয়মিত পরিচর্যা ও রোগবালাই নিয়ন্ত্রণের বিষয়েও কৃষকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।

ডিমলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না বলেন, উপজেলায় প্রায় ৬২ হাজার কৃষককে সার কার্ড দেওয়া হয়েছে। এসব কার্ডের আওতায় চলতি রবি মৌসুমে বিভিন্ন ফসল আবাদের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ বছর কৃষকরা চাহিদা অনুযায়ী সহজেই সারসহ অন্যান্য কৃষি উপকরণ পাচ্ছেন। আবহাওয়া অনুকূলে থাকলে এবং কৃষি উপকরণের সরবরাহ স্বাভাবিক থাকলে চলতি মৌসুমে ফসল উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

সব মিলিয়ে ডিমলার মাঠে শীতকালীন সবজির ভালো ফলনের সম্ভাবনা তৈরি হলেও কৃষকদের প্রধান উদ্বেগ এখন উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পাওয়া। বিশেষ করে ঋণ নিয়ে চাষাবাদ করা কৃষকদের জন্য বাজারদর কমে যাওয়া বড় ধরনের আর্থিক ঝুঁকি তৈরি করতে পারে। তাই উৎপাদন খরচ বিবেচনায় সবজির ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং কৃষকের পণ্য বাজারজাতকরণে কার্যকর ব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here