চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বড়দিন উপলক্ষে দীর্ঘ ছুটি পাচ্ছেন দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। তবে প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও মাদ্রাসার ক্ষেত্রে ছুটির মেয়াদে রয়েছে ভিন্নতা। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে টানা ১২ দিন, মাদ্রাসায় ১৫ দিন এবং কলেজে সর্বোচ্চ ১৮ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) প্রকাশিত ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা থেকে এসব তথ্য জানা গেছে।
তালিকা অনুযায়ী, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শীতকালীন অবকাশ শুরু হবে ২০ ডিসেম্বর থেকে, চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত। এর আগে ১৮ ও ১৯ ডিসেম্বর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষক-শিক্ষার্থীরা সব মিলিয়ে টানা ১২ দিনের অবকাশ পাবেন। এ ছুটির মধ্যেই রয়েছে ২৫ ডিসেম্বর বড়দিন।
কলেজের ক্ষেত্রে ছুটির মেয়াদ আরও বেশি। মাউশির নির্ধারিত সূচি অনুযায়ী, সরকারি ও বেসরকারি কলেজে ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন অবকাশ থাকবে। এর আগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের ছুটি এবং পরবর্তী ১ ও ২ জানুয়ারি শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা মোট ১৮ দিন ছুটি উপভোগ করতে পারবেন।
অন্যদিকে, মাদ্রাসায় শীতকালীন ছুটি শুরু হবে ১৩ ডিসেম্বর থেকে। সরকারি ও বেসরকারি স্বতন্ত্র এবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসায় ১৩ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত অবকাশ নির্ধারণ করা হয়েছে। সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে এসব প্রতিষ্ঠানে মোট ছুটির পরিমাণ দাঁড়াবে ১৫ দিন।
এ ছাড়া ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় প্রতিষ্ঠানপ্রধানের জন্য সংরক্ষিত দুই দিনের ছুটিও রাখা হয়েছে। প্রতিষ্ঠানপ্রধান চাইলে এ ছুটি শীতকালীন অবকাশের সঙ্গে সমন্বয় করতে পারবেন। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের চেয়ে অতিরিক্ত দুই দিন ছুটি পাওয়ার সুযোগ পাবেন।
এদিকে, ২০২৭ শিক্ষাবর্ষের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের সম্ভাব্য ছুটির তালিকার একটি খসড়া তৈরি করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রস্তাবিত সূচি অনুযায়ী, আগামী শিক্ষাবর্ষে মোট ৭০ দিন ছুটি রাখার পরিকল্পনা করা হয়েছে।
খসড়া তালিকায় পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ২৪ দিন এবং ঈদুল আজহায় ১০ দিনের ছুটির প্রস্তাব রয়েছে। এ ছাড়া শীতকালীন অবকাশে ১১ দিন, দুর্গাপূজায় তিন দিন এবং প্রতিষ্ঠানপ্রধানের সংরক্ষিত ছুটি হিসেবে আরও দুই দিন রাখার কথা বলা হয়েছে।
তবে ২০২৭ শিক্ষাবর্ষের ছুটির তালিকা এখনো চূড়ান্ত হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।