মর্জিনা আক্তার চট্টগ্রাম :
চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় আব্দুর সুবাহান (৩৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা পুলিশ ও এসআরবির যৌথ দল। এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি এলজি, একটি দা ও একটি স্টিলের টিপ ছুরি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১২টার দিকে নগরীর বাকলিয়া থানাধীন তক্তারপুল এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

পুলিশের তথ্য অনুযায়ী, মাদকসংক্রান্ত পূর্বশত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শওকত গ্রুপের সদস্যরা ভুক্তভোগী আব্দুর সুবাহানের বাড়ির সামনের গলির মুখে গিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্বজনরা তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় তক্তারপুল এলাকায় যৌথ অভিযান চালিয়ে আমির হোসেন ওরফে বুলেট (২৩) এবং মোমেনা বেগম (৪৫) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পুলিশের দেওয়া তথ্যমতে, নিহত আব্দুর সুবাহানের বিরুদ্ধে হত্যা, মাদক, মারামারি ও অস্ত্র আইনে মোট ১৯টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।