অটোরিকশায় তুলে শিক্ষিকাকে মারধর, স্বর্ণালংকার ও টাকা ছিনতাই

0
30

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সিএনজিচালিত অটোরিকশায় তুলে এক শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পরে ভুক্তভোগীকে সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

বুধবার (১১ নভেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে চন্দ্রগঞ্জের আফজাল রোড এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী লক্ষ্মী রানী নাথ উপজেলার আলহাজ ইব্রাহিম মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা।

বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় সূত্রে জানা যায়, স্কুলের দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার জন্য আফজাল রোড থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন লক্ষ্মী রানী নাথ। চন্দ্রগঞ্জ থানা থেকে সামান্য পশ্চিমে একটি নার্সারির সামনে ছিল তার গন্তব্য। কিন্তু চালক তাকে নির্ধারিত গন্তব্যে না নিয়ে কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের সড়ক ধরে সামনে এগিয়ে যান।

একপর্যায়ে অটোরিকশায় থাকা দুর্বৃত্তরা ওই শিক্ষিকাকে মারধর করে তার হাত, কান ও গলায় থাকা স্বর্ণালংকার, মোবাইল ফোন এবং নগদ টাকা ছিনিয়ে নেয়। পরে তাকে সড়কের পাশে ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।

ঘটনার পর স্থানীয় লোকজন আহত শিক্ষিকাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব জানান, এ ঘটনায় জড়িত অটোরিকশাচালক ও ছিনতাইকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here