দুই একরেরও বেশি জায়গাজুড়ে বিস্তৃত বিশাল এক বটবৃক্ষ। চারদিকে ছড়িয়ে রয়েছে অসংখ্য শাখা-প্রশাখা, মাটি ছুঁয়ে নেমে এসেছে ঝুরি। প্রকৃতির আপন নিয়মে বেড়ে ওঠা এই বৃক্ষের সঠিক বয়স জানা না গেলেও স্থানীয় প্রবীণদের ধারণা, বয়স দুই শতাব্দীরও বেশি। একসময় দূরদূরান্ত থেকে অসংখ্য মানুষ ছুটে আসতেন এর অপার সৌন্দর্য দেখতে। কিন্তু যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের অভাবে খাগড়াছড়ির মাটিরাঙ্গার এই প্রাকৃতিক ঐতিহ্য আজ হারাতে বসেছে তার চিরচেনা সৌন্দর্য।
মাটিরাঙ্গা উপজেলার খেদাছড়ার কাছে আলুটিলা বটতলী এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী এই বটগাছ। গাছটির নাম থেকেই এলাকাটির নাম হয়েছে ‘বটতলী’। স্থানীয় মানুষের কাছে এটি শুধু একটি বৃক্ষ নয়; বরং সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় নানা স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা ঐতিহ্যের অংশ।
বটগাছটির চারপাশে রয়েছে বিশাল একটি খেলার মাঠ। পাশেই অবস্থিত আলুটিলা বটতলী উচ্চবিদ্যালয় ও আলুটিলা বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক আয়োজনের পাশাপাশি মাঠটিতে নিয়মিত ফুটবল, ক্রিকেট, ভলিবল ও ব্যাডমিন্টন খেলা অনুষ্ঠিত হয়। ফলে স্থানটি পর্যটকদের আকর্ষণের পাশাপাশি স্থানীয় মানুষের বিনোদন ও মিলনমেলার কেন্দ্র হিসেবেও পরিচিত।
সরেজমিনে দেখা যায়, বিশাল বটবৃক্ষটির শাখা-প্রশাখা চারদিকে ছড়িয়ে তৈরি করেছে বিস্তৃত ছায়ার আবরণ। ডালপালা থেকে নেমে আসা অসংখ্য ঝুরি মাটি স্পর্শ করে শিকড় গেড়েছে। সময়ের পরিক্রমায় এসব ঝুরির অনেকগুলোই আলাদা বৃক্ষের রূপ নিয়েছে। মূল গাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া কিছু শিকড়ও নিজস্ব অবস্থানে দাঁড়িয়ে রয়েছে স্বতন্ত্র গাছের মতো। সব মিলিয়ে একটি বটবৃক্ষ যেন পরিণত হয়েছে ছোট্ট এক বনে।
তবে প্রকৃতির এই অপূর্ব সৃষ্টি এখন নানা অব্যবস্থাপনায় সৌন্দর্য হারাচ্ছে। প্রায় দুই বছর আগে ঝড়ে গাছটির বড় একটি অংশ ভেঙে পড়ায় স্বাভাবিক বিস্তৃতি ও সৌন্দর্য ক্ষতিগ্রস্ত হয়েছে। দর্শনার্থীদের বসার স্থানগুলো ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে। দুটি ছাউনিও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে পশুপাখির বিষ্ঠা। অন্য পাশে যাতায়াতের জন্য নির্মিত লোহার সেতুটিও ঝুঁকিপূর্ণ। দীর্ঘদিন ধরে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনে কার্যকর কোনো উদ্যোগ না থাকায় পুরো এলাকাটিই অনেকটা অবহেলিত।
এরপরও প্রতিদিন স্থানীয় বাসিন্দা ও দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থীরা এখানে ভিড় করেন। কেউ গাছের শীতল ছায়ায় বিশ্রাম নেন, কেউ এর বিশাল বিস্তৃতি ঘুরে দেখেন, আবার কেউ স্মৃতি ধরে রাখতে ছবি তোলেন। গাছের নিচে ঝরে পড়া সোনালি-বাদামি পাতায় তৈরি হয় প্রাকৃতিক গালিচা। কিন্তু ময়লা-আবর্জনা, বসার অনুপযোগী স্থান ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাবে দর্শনার্থীরা বেশিক্ষণ অবস্থান করতে পারেন না।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় দুই বছর আগে ঝড়ে গাছটির সামনের অংশের বড় একটি শাখা-প্রশাখা ও শিকড় উপড়ে পড়ে। এতে গাছটির বিস্তৃতি কমে যাওয়ার পাশাপাশি দীর্ঘদিনের নান্দনিক সৌন্দর্যও নষ্ট হয়। এরপর থেকে গাছটির পরিচর্যা কিংবা আগের সৌন্দর্য ফিরিয়ে আনার বিষয়ে উল্লেখযোগ্য কোনো উদ্যোগ দেখা যায়নি।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, একসময় বটগাছটিকে সংরক্ষণ করে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছিল উপজেলা প্রশাসন। ২০১৪ সালে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমানের উদ্যোগে গাছের চারপাশ পরিষ্কার, দর্শনার্থীদের বসার স্থান তৈরি, দুটি ছাউনি ও একটি সেতু নির্মাণসহ সৌন্দর্যবর্ধন প্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্পের কিছু কাজ বাস্তবায়িত হলেও পরবর্তী সময়ে নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে উদ্যোগটির সুফল ধরে রাখা সম্ভব হয়নি।
গাছটি কে রোপণ করেছিলেন কিংবা এর প্রকৃত বয়স কত, সে বিষয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। তবে বটতলী এলাকার প্রবীণ বাসিন্দা রমুজা বেগমের দাবি, গাছটির বয়স দুই শতাব্দীরও বেশি। স্থানীয় অনেকের কাছেই এই বটবৃক্ষ এলাকার ইতিহাস, ঐতিহ্য ও স্মৃতির অবিচ্ছেদ্য অংশ।
স্থানীয় বাসিন্দা সুলতান আহাম্মদ বলেন, সঠিক পরিকল্পনা ও নিয়মিত পরিচর্যা করা হলে এই বটগাছকে ঘিরে একটি আকর্ষণীয় পর্যটনকেন্দ্র গড়ে তোলা সম্ভব। প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নকাজের মাধ্যমে স্থানটিকে নতুন করে সাজানো দরকার। এতে পর্যটন সম্ভাবনার পাশাপাশি এলাকার সামগ্রিক উন্নয়ন ও যোগাযোগব্যবস্থারও ইতিবাচক পরিবর্তন আসবে।
পরিবেশকর্মী ও অভিযাত্রী মাহফুজ আহামেদ রাসেল বলেন, গাজীনগর বটতলীর শতবর্ষী এই বটগাছ শুধু একটি বৃক্ষ নয়, এটি প্রাকৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন। একই সঙ্গে অসংখ্য পাখি, বন্যপ্রাণী ও কীটপতঙ্গের নিরাপদ আশ্রয়স্থল। দূরদূরান্ত থেকে পর্যটকেরা গাছটি দেখতে আসেন। কয়েক বছর আগে ঝড়ে এর একটি অংশ ভেঙে পড়েছে। গাছটি রক্ষায় প্রশাসন ও বন বিভাগের উদ্যোগ নেওয়া প্রয়োজন। ঝুঁকিপূর্ণ ডালপালা টিকিয়ে রাখতে সহায়ক পিলার স্থাপন এবং চারপাশে বেষ্টনী নির্মাণ করা হলে গাছটির সুরক্ষা নিশ্চিত করা সহজ হবে। পাশাপাশি নতুন ঝুরিগুলো যেন নিরাপদে মাটিতে পৌঁছে শিকড় গড়ে তুলতে পারে, সে ব্যবস্থাও করতে হবে।
এ বিষয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু বলেন, মাটিরাঙ্গার প্রাকৃতিক ঐতিহ্যের অন্যতম নিদর্শন এবং পর্যটনের সম্ভাবনাময় স্থান এই বটগাছ। এর সৌন্দর্য ও পরিবেশ সংরক্ষণে নিয়মিত পরিচ্ছন্নতা নিশ্চিত করার পাশাপাশি দর্শনার্থীদের বসার উপযোগী পরিবেশ তৈরির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে স্থানটিকে আরও নান্দনিক ও দর্শনার্থীবান্ধব করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
স্থানীয়দের প্রত্যাশা, যথাযথ সংরক্ষণ, সংস্কার ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে মাটিরাঙ্গার এই প্রাচীন বটবৃক্ষের হারানো সৌন্দর্য ফিরিয়ে আনা হবে। প্রাকৃতিক ঐতিহ্য রক্ষার পাশাপাশি পরিকল্পিত পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে উঠবে বটতলী।