চাঁদাবাজির মামলার তদন্তে অভিযান চালিয়ে দুটি যাত্রীবাহী এসি বাস উদ্ধার ও জব্দ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদরঘাট থানা পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত ১টা ৫০ মিনিটে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ বাস টার্মিনালের দক্ষিণ সিটি করপোরেশনের নতুন মাঠ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সদরঘাট থানার এসআই আব্দুল্লাহ আল নোমান, এসআই মো. মিজানুর রহমান চৌধুরী ও এএসআই মো. সাদ্দাম হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করেন।
এ সময় সদরঘাট থানার মামলা নম্বর-০৯, তারিখ ১০ নভেম্বর ২০২৬, দণ্ডবিধির ৩৮৫/৩৪ ধারার মামলার আলামত হিসেবে ঢাকা মেট্রো-ব-১৫-৪৫৭৪ ও ঢাকা মেট্রো-ব-১৫-৪৫৮৩ নম্বরের দুটি এসি বাস উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার করা বাস দুটি বর্তমানে সদরঘাট থানার হেফাজতে রয়েছে। এ ঘটনায় মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।