
মর্জিনা আক্তার চট্টগ্রাম :
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা পুলিশের অভিযানে পেশাদার চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় চোরাই মালামাল হিসেবে এক জোড়া স্বর্ণের বালা, দুইটি রুপার নূপুর, নগদ ৮০ হাজার টাকা, নয়টি কামিজ ও একটি শাড়ি উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত ১টা ৩০ মিনিটে বাকলিয়া থানাধীন ফুলকলি শাহ আমানত হাউজিং সোসাইটির বাকলিয়া টাওয়ারের নিচতলায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—তাসলিমা আক্তার তাসু (২৩), মোছাম্মৎ রিনা বেগম প্রকাশ রিনা আক্তার রেহেনা (৪৬), তানিয়া আক্তার সাথী (২৪), মোহাম্মদ ছাব্বির (১৯) ও মো. জামাল (৩৯)। তাঁদের মধ্যে তাসলিমা ও ছাব্বিরের বাবা-মায়ের নাম যথাক্রমে নুর নবী ও রিনা আক্তার রেহেনা। তানিয়া আক্তার সাথীর বাবা-মা মৃত জাকির হোসেন ও মৃত হালিমা বেগম। রিনা বেগমের স্বামী মো. জামাল। তাঁদের স্থায়ী ঠিকানা কুমিল্লা ও ভোলার বিভিন্ন এলাকায় হলেও বর্তমানে সবাই বাকলিয়া টাওয়ারে বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গত ১১ নভেম্বর নগরীর একটি ভাড়া বাসায় চুরির ঘটনা ঘটে। ওই দিন দুপুর ১টা ১৫ মিনিটে বাসায় তালা লাগিয়ে কর্মস্থলে যান বাসাটিতে থাকা দুই নারী। সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ফিরে তাঁরা দেখতে পান, দরজার তালা ভেঙে ঘরে ঢুকে মূল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে অজ্ঞাত ব্যক্তিরা।
চুরির ঘটনায় অভিযোগকারী নাফিয়া তাবাচ্ছুমের নগদ ২০ হাজার টাকা ও প্রায় ৮০ হাজার টাকা মূল্যের সাত আনা স্বর্ণালংকার খোয়া যায়। অন্যদিকে তাঁর সহকর্মী মোছা. আখি খাতুনের কক্ষ থেকে ১৫ হাজার টাকা, প্রায় ৩ লাখ ২০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার, ৫ হাজার ২০০ টাকা মূল্যের রুপার নূপুর ও ব্রেসলেট এবং ২২ হাজার টাকা মূল্যের নয়টি থ্রি-পিস ও একটি শাড়ি চুরি হয়। সব মিলিয়ে চুরি যাওয়া মালামালের আনুমানিক মূল্য ৪ লাখ ৬২ হাজার ২০০ টাকা।
এ ঘটনায় অভিযোগকারীর লিখিত এজাহারের ভিত্তিতে ১৪ নভেম্বর কোতোয়ালী থানায় ৪৫৪/৩৮০ ধারায় মামলা করা হয়। মামলা নম্বর ২৬।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ জাহেদুল কবিরের নেতৃত্বে এসআই আবদুল মোমেন সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এ সময় গ্রেপ্তার রিনা বেগম ও জামালের দেখানো ও শনাক্তমতে তাঁদের শয়নকক্ষের ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে এক জোড়া স্বর্ণের বালা উদ্ধার করা হয়। তাসলিমা আক্তার তাসুর পায়ে পরিহিত অবস্থায় এক জোড়া রুপার নূপুর পাওয়া যায়।
এ ছাড়া তানিয়া আক্তার সাথীর শয়নকক্ষের স্টিলের আলমারি থেকে একটি রুপার নূপুর ও নগদ ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়। মোহাম্মদ ছাব্বিরের শয়নকক্ষের প্লাস্টিকের ওয়ারড্রোবের ড্রয়ারে রাখা একটি সাদা শপিং ব্যাগ থেকে নয়টি কামিজ ও একটি শাড়ি উদ্ধার করে পুলিশ।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার চোর এবং একই পরিবারের সদস্য বলে স্বীকার করেছেন। তাঁরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে চট্টগ্রাম মহানগরীসহ আশপাশের এলাকায় বিভিন্ন বাসাবাড়িতে চুরি করে আসছিলেন।
এদিকে গ্রেপ্তার রিনা বেগম প্রকাশ রিনা আক্তার রেহেনার বিরুদ্ধে সিএমপির পাহাড়তলী থানায় ২০২২ সালের ডিসেম্বর মাসে ৪৫৪/৩৮০ ধারায় এবং ডবলমুরিং থানায় ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে ৪৫৭/৩৮০ ধারায় আরও দুটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

