জঙ্গল সলিমপুরের জমি নিয়ে সংবাদ সম্মেলন বিভ্রান্তিকর, দাবি চট্টগ্রাম জেলা পুলিশের

0
55

মর্জিনা আক্তার চট্টগ্রাম :

দলিল ও বাস্তব দখলে অসংগতি পাওয়ার কথা জানিয়ে পুলিশের বক্তব্য—সাধারণ মানুষ জমি কেনাবেচার নামে প্রতারণার শিকার হয়েছেন

জঙ্গল সলিমপুরের জমি-সংক্রান্ত একটি সংবাদ সম্মেলনে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগকে মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন ফেসবুক পেজ ও কয়েকটি গণমাধ্যমে প্রচারিত ওই সংবাদ সম্মেলনের ভিডিও নজরে আসার পর জেলা পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত বক্তব্য দেওয়া হয়েছে।

জেলা পুলিশের বক্তব্য অনুযায়ী, সংবাদ সম্মেলনে মীর মো. হাসান দাবি করেন, তিনি ২০১৮ সালে জঙ্গল সলিমপুরে ২১ শতক জমি কিনেছেন এবং তাঁর জমিতে বিজিবি ক্যাম্প স্থাপন করা হয়েছে। ক্যাম্প অপসারণের দাবিতে মানববন্ধন করায় পুলিশ সুপার তাঁকে হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। তবে পুলিশের দাবি, এসব বক্তব্যের পেছনে প্রকৃত ঘটনা ও ভূমি-সংক্রান্ত তথ্য উপস্থাপন করা হয়নি। কোনো সন্ত্রাসী গোষ্ঠীর প্ররোচনায় পুলিশের ভূমিকা বিতর্কিত করতে এ সংবাদ সম্মেলন করা হয়ে থাকতে পারে। বিষয়টি অনুসন্ধান করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জেলা পুলিশ জানায়, সম্প্রতি মীর মোহাম্মদ হাসান ও আসিফুল ইসলাম তাঁদের কেনা জমিতে বিজিবির অবস্থানের কারণ জানতে এবং সহযোগিতা চাইতে পুলিশ সুপারের কার্যালয়ে যান। তাঁদের দেওয়া দলিল ও পুলিশের কাছে থাকা ভূমি-সংক্রান্ত তথ্য পর্যালোচনায় জমির পরিমাণ, দলিলে উল্লেখিত দাগ এবং বাস্তবে তাঁদের দখলে থাকা জমির অবস্থানের মধ্যে উল্লেখযোগ্য অসংগতি পাওয়া যায়।

পুলিশের দাবি, প্রাপ্ত তথ্য ও কাগজপত্র পর্যালোচনার পর তাঁরা জানান, জঙ্গল সলিমপুরে জমি কেনাবেচার নামে তাঁরা এবং আরও অনেকে প্রতারণার শিকার হয়েছেন। পরে জমির বন্দোবস্ত পাওয়ার সম্ভাবনা নিয়েও সহযোগিতা চান তাঁরা। এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে জমির প্রকৃত মালিকানা, দখল, সীমানা ও বন্দোবস্তের বিষয়টি নিশ্চিত করতে জেলা প্রশাসন এবং সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পরামর্শ দেওয়া হয়।

জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, জঙ্গল সলিমপুর মৌজার বিএস ১৯ নম্বর খতিয়ানের ২০১, ২৩৩ ও ২৪১ নম্বর দাগে ব্যক্তি মালিকানাধীন জমি রয়েছে। সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মো. ইয়াসিন ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে এসব দাগের কিছু জমি কেনেন। পরবর্তী সময়ে ওই জমির ভিত্তিতে বিভিন্ন নামজারি খতিয়ানও তৈরি হয়।

পুলিশের ভাষ্য, এসব জমির দলিল ও নামজারির কাগজপত্র দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ নেওয়া হলেও অনেক ক্রেতাকে বাস্তবে বিএস ২০৩ নম্বর দাগের সরকারি খাসজমিতে বসতি স্থাপনের সুযোগ দেওয়া হয়েছে। অর্থাৎ দলিলে এক দাগের ব্যক্তি মালিকানাধীন জমির বিবরণ থাকলেও ক্রেতাদের বসতি ও স্থাপনা গড়ে উঠেছে অন্য দাগের সরকারি জমিতে। এভাবে দলিলের জমি ও বাস্তব দখলের অবস্থানে অসংগতি তৈরি করে প্রতারণার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জেলা পুলিশ জানায়, ভুক্তভোগীদের চাপের মুখে ২০২৬ সালের ১৭ সেপ্টেম্বর ও ১ অক্টোবর মোট ৭৪টি দলিল সম্পাদন করা হয়। এর মধ্যে বিএস ২০১ নম্বর দাগে ৬৬টি দলিলে ২৪৬ দশমিক ৭৫ শতক, ২৩৩ নম্বর দাগে সাতটি দলিলে ২৭ শতক এবং ২৪১ নম্বর দাগে একটি দলিলে এক শতক জমির বিবরণ রয়েছে। সব মিলিয়ে দলিলগুলোতে ২৭৪ দশমিক ৭৫ শতক জমির উল্লেখ পাওয়া গেছে।

সংবাদ সম্মেলনকারী মীর মো. হাসান ২০১৮ সালে ২১ শতক জমি কেনার দাবি করলেও তাঁর দলিল অনুযায়ী, ২০২৬ সালের ১৭ সেপ্টেম্বর বিএস ২০১ নম্বর দাগে মাত্র এক শতক জমির দলিল পান বলে জানিয়েছে জেলা পুলিশ। ওই জমির নামজারি ও বাস্তব দখলও তিনি এখনো বুঝে পাননি বলে উল্লেখ করা হয়েছে।

একইভাবে আসিফুল ইসলাম ২০১৭-১৮ সালে প্রায় ২৪ শতক জমি কেনার দাবি করলেও পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তিনিও একই তারিখে বিএস ২০১ নম্বর দাগে মাত্র চার শতক জমির দলিল পান। অন্যদিকে, তাঁদের দাবি অনুযায়ী সংশ্লিষ্ট এলাকায় দীর্ঘদিন ধরে জমির দখলে থেকে পাহাড় কেটে সমতলকরণ ও সীমানাপ্রাচীর নির্মাণ করা হয়েছে। প্রাথমিকভাবে তাঁদের দখল করা জমি বিএস ২০৩ নম্বর দাগের সরকারি খাসজমি বলে জানা গেছে। ফলে জমি কেনা ও দখলের দাবির সঙ্গে দলিলের তারিখ, জমির পরিমাণ এবং দাগের মধ্যে অসংগতি রয়েছে বলে দাবি পুলিশের।

জেলা পুলিশের বক্তব্যে বলা হয়, জঙ্গল সলিমপুর একটি গুরুত্বপূর্ণ পাহাড়ি ও খাসজমি অধ্যুষিত এলাকা। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এলাকার মোট জমির প্রায় ৯০ শতাংশ সরকারি খাসজমি। দীর্ঘদিন ধরে এখানে কিছু অপরাধী চক্রের বিরুদ্ধে সরকারি জমি অবৈধভাবে দখল, পাহাড় কাটা, পরিবেশ ধ্বংস এবং জমি কেনাবেচার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডে বহু মানুষ আর্থিক ক্ষতির পাশাপাশি ভূমি-সংক্রান্ত জটিলতায় পড়েছেন।

পুলিশের দাবি, অতীতে এসব গোষ্ঠীর প্রভাবের কারণে সাংবাদিক, গণমাধ্যমকর্মী, জেলা প্রশাসন, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জঙ্গল সলিমপুরে প্রবেশ ও দায়িত্ব পালনে বাধার মুখে পড়েছেন। দায়িত্ব পালনকালে এক র‍্যাব সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনাও ঘটেছে। এসব ঘটনা এলাকার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির দীর্ঘদিনের চ্যালেঞ্জ তুলে ধরে বলে জানিয়েছে জেলা পুলিশ।

বর্তমানে সরকারের সিদ্ধান্ত ও উদ্যোগে জঙ্গল সলিমপুরের যোগাযোগব্যবস্থার উন্নয়ন, সরকারি খাসজমির সুষ্ঠু ব্যবহার এবং স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে কার্যক্রম চলছে। বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে এলাকার যোগাযোগব্যবস্থা উন্নয়নে একযোগে ছয়টি সড়কের কাজ চলমান রয়েছে। পাশাপাশি সরকারি কার্যক্রম বাস্তবায়ন, নিরাপত্তা নিশ্চিত এবং অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

জেলা পুলিশের ভাষ্য, এসব উদ্যোগের লক্ষ্য সাধারণ বাসিন্দাদের উচ্ছেদ করা বা তাঁদের বৈধ সম্পত্তির অধিকার কেড়ে নেওয়া নয়। বরং সরকারি খাসজমি অবৈধ দখলমুক্ত করে আইনানুগ ব্যবহার নিশ্চিত করা, প্রকৃত ভূমি মালিকদের অধিকার সুরক্ষা, অপরাধ দমন এবং স্থানীয় মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই মূল উদ্দেশ্য।

জেলা পুলিশ আরও দাবি করেছে, জঙ্গল সলিমপুরে ভূমি দখল ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে অভিযুক্ত ইয়াসিন এবং তাঁর স্বার্থসংশ্লিষ্ট গোষ্ঠী সরকারি কার্যক্রম বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার, পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অপপ্রচার এবং সাধারণ মানুষের আবেগকে কাজে লাগিয়ে প্রশাসনের মুখোমুখি করার চেষ্টা চলছে বলে অভিযোগ পুলিশের।

এ ছাড়া অর্থের বিনিময়ে কিছু নারীকে ব্যবহার করে সাংবাদিকদের কাছে বিভ্রান্তিকর বক্তব্য ও কথিত ভুয়া কাগজপত্র উপস্থাপন করা হচ্ছে বলেও দাবি করেছে জেলা পুলিশ। সাধারণ মানুষের জমি-সংক্রান্ত উদ্বেগ ও আবেগকে কাজে লাগিয়ে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে বাধা সৃষ্টি, প্রশাসনের বিরুদ্ধে উত্তেজনা তৈরি কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

পুলিশ সুপারের কার্যালয়ে ভূমি-সংক্রান্ত তথ্য ও দলিলের অসংগতি জানার পরও সংবাদ সম্মেলনে পুলিশ সুপারের বিরুদ্ধে হুমকির অভিযোগ তোলা এবং ঘটনার পূর্ণ প্রেক্ষাপট তুলে না ধরার বিষয়টিকে অপ্রাসঙ্গিক, অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছে জেলা পুলিশ। এ ধরনের অপপ্রচারের সঙ্গে জড়িত ব্যক্তি বা গোষ্ঠীকে শনাক্ত করে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

জঙ্গল সলিমপুরের বাসিন্দাদের উদ্দেশে জেলা পুলিশ বলেছে, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্ররোচনা, গুজব কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের একতরফা প্রচারণায় বিভ্রান্ত না হতে। নিজেদের জমির প্রকৃত দাগ, খতিয়ান, দলিল, নামজারি ও মৌজা নকশা যাচাই করার পাশাপাশি প্রতারণার শিকার হলে সংশ্লিষ্ট ভূমি অফিস, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।

কোনোভাবেই সন্ত্রাসী গোষ্ঠীর হাতিয়ার হিসেবে ব্যবহৃত না হওয়ার আহ্বান জানিয়ে জেলা পুলিশ বলেছে, সরকারি সম্পত্তি রক্ষা, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত এবং অপরাধী চক্রের অপতৎপরতা দমনে তাদের অবস্থান কঠোর। জমি কেনাবেচার নামে প্রতারণা, সরকারি খাসজমি অবৈধ দখল, পাহাড় কাটা, ভয়ভীতি প্রদর্শন, অপপ্রচার কিংবা সরকারি কার্যক্রমে বাধা সৃষ্টির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

একই সঙ্গে সংবেদনশীল এ বিষয়ে সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য, দলিল, ভূমি রেকর্ড ও বাস্তব অবস্থা যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here