দেশের অন্যতম প্রধান পেঁয়াজ উৎপাদনকারী জেলা পাবনায় পেঁয়াজের বাজারে বড় ধরনের দরপতন ঘটেছে। সাধারণত সংকটের সময়ে পেঁয়াজের দাম বাড়লেও এবার পুরনো পেঁয়াজের বিপুল মজুত ও অতিরিক্ত সরবরাহের কারণে বাজারে দেখা দিয়েছে বিপরীত চিত্র। গত বছর প্রতি মণ পেঁয়াজ ৫ থেকে ৬ হাজার টাকায় বিক্রি হলেও বর্তমানে তা নেমে এসেছে ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকায়। ফলে উৎপাদন ও সংরক্ষণ খরচ তুলতে না পেরে বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন কৃষক ও মজুতকারীরা।
রোববার (১৫ নভেম্বর) জেলার অন্যতম প্রধান পেঁয়াজের বাজার সুজানগর এবং সদর উপজেলার হাজিরহাট ঘুরে কৃষকদের সঙ্গে কথা বলে এমন পরিস্থিতির তথ্য পাওয়া গেছে।
সাঁথিয়ার বনগ্রাম থেকে চার মণ পেঁয়াজ নিয়ে সুজানগরের হাটে এসেছিলেন কৃষক জাকির হোসেন। তিনি জানান, প্রতি মণ ১ হাজার ৫০ টাকা দরে চার মণ পেঁয়াজ বিক্রি করেছেন। অথচ এসব পেঁয়াজ সংরক্ষণ করতেই তাঁর প্রায় ৮ হাজার টাকা ব্যয় হয়েছে। লোকসান জেনেও বাধ্য হয়ে পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে তাঁকে।
একই পরিস্থিতির কথা জানিয়েছেন সুজানগরের দুর্গাপুর গ্রামের কৃষক আইনাল মন্ডল। তাঁর ভাষ্য, বর্তমানে প্রতি মণ পেঁয়াজ ৮০০ থেকে ১ হাজার ১০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এতে কৃষকদের উৎপাদন ও পরিশ্রমের যথাযথ মূল্য পাওয়া তো দূরের কথা, মূলধন ফেরত পাওয়াও কঠিন হয়ে পড়েছে।
কৃষকদের অভিযোগ, মৌসুমের শুরুতে ভালো দাম পাওয়ার আশায় অনেকেই চড়া সুদে ঋণ নিয়ে পেঁয়াজ সংরক্ষণ করেছিলেন। উৎপাদন ব্যয়ের পাশাপাশি প্রায় ছয় মাসের সংরক্ষণ খরচ এবং দীর্ঘদিন মজুত থাকায় পেঁয়াজ শুকিয়ে ওজন কমে যাওয়ায় প্রতি মণে খরচ আরও বেড়েছে। কিন্তু বর্তমান বাজারদরে সেই ব্যয়ের সামান্য অংশও তুলতে পারছেন না তাঁরা।
কৃষক সিদ্দিকুর রহমান জানান, আর মাত্র এক থেকে দেড় মাসের মধ্যে নতুন মুড়িকাটা পেঁয়াজ বাজারে আসতে শুরু করবে। অথচ এখনো পুরনো পেঁয়াজের বড় একটি অংশ অবিক্রীত রয়েছে। বর্তমান মজুত দিয়েই আরও তিন থেকে চার মাসের চাহিদা পূরণ করা সম্ভব। ফলে নতুন পেঁয়াজ বাজারে এলে দাম আরও কমে প্রতি মণ ৬০০ থেকে ৭০০ টাকায় নেমে আসার আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতি তৈরি হলে কৃষকদের বিনিয়োগ করা পুঁজি হারানোর ঝুঁকি আরও বাড়বে।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে পাবনায় প্রায় ৫৪ হাজার হেক্টর জমিতে ১০ লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদিত হয়েছে। জেলার অভ্যন্তরীণ চাহিদার তুলনায় উৎপাদন বেশি হয়েছে প্রায় ৪ লাখ মেট্রিক টন। সেপ্টেম্বরের শুরুতে কৃষকদের বাড়ি এবং কৃষি বিপণন অধিদপ্তরের ৩০০টি সংরক্ষণাগার মিলিয়ে প্রায় ১ লাখ মেট্রিক টন পেঁয়াজ মজুত ছিল।
কৃষি কর্মকর্তাদের মতে, স্থানীয় চাহিদার তুলনায় অতিরিক্ত উৎপাদন এবং পুরনো পেঁয়াজের বড় মজুত বর্তমান দরপতনের প্রধান কারণ। এ ধরনের পরিস্থিতি থেকে কৃষকদের রক্ষা করতে উৎপাদনের পাশাপাশি বাজার ব্যবস্থাপনা ও রপ্তানির ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক বলেন, ভবিষ্যতে এ ধরনের সংকট মোকাবিলায় পেঁয়াজ রপ্তানির জন্য সুনির্দিষ্ট ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে। একই সঙ্গে কৃষকদের বড় ধরনের আর্থিক ক্ষতি থেকে রক্ষা করতে দ্রুত বিদেশে পেঁয়াজ রপ্তানির নতুন বাজার খুঁজে বের করা জরুরি।
সব মিলিয়ে, পেঁয়াজ উৎপাদনে সাফল্য থাকলেও যথাযথ সংরক্ষণব্যবস্থা, বাজার ব্যবস্থাপনা ও রপ্তানির সুযোগ সীমিত থাকায় পাবনার কৃষক ও মজুতকারীরা এবার চরম আর্থিক অনিশ্চয়তায় পড়েছেন। সংশ্লিষ্টদের আশঙ্কা, নতুন পেঁয়াজ বাজারে আসার আগে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে দরপতনের পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।