রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে পরিকল্পিতভাবে ষড়যন্ত্রের মাধ্যমে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন তাঁর স্ত্রী মাসুমা আক্তার। তাঁর অভিযোগ, স্বামী কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন। বরং তাঁর মোবাইল ফোন হ্যাক করে বিভিন্ন বার্তা পাঠানোর মাধ্যমে তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। স্বামীর বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা যাচাই করতে তাঁর চাকরিসংক্রান্ত নথি ও ব্যক্তিগত বায়োডাটা পর্যালোচনার আহ্বান জানিয়েছেন মাসুমা আক্তার।
রোববার (১৫ নভেম্বর) চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব দাবি করেন তিনি। মাসুমা আক্তার বলেন, ‘আমার স্বামী ৫ আগস্ট ঢাকায় পুলিশ সদর দপ্তরে কর্মরত ছিলেন। তাঁকে ফেনীতে ছিলেন বলে যে অভিযোগ করা হচ্ছে, আপনারা তদন্ত করে দেখুন। আমার স্বামী নির্দোষ। এখন বাকিটা তদন্তের বিষয়। তাঁর মোবাইল ফোন হ্যাক হয়েছিল। মোবাইল দিয়ে যোগাযোগের যে অভিযোগ করা হচ্ছে, সেটিও যাচাই করে দেখুন। মোবাইল হ্যাক হওয়ার পরদিন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। জিডির কপি আছে, তবে তারিখ মনে নেই।’
স্বামীর শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমার স্বামী ইংরেজিতে অনার্স ও মাস্টার্স করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন এবং মেধাতালিকায় ১১তম স্থান অর্জন করেছিলেন। নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন, কারও লবিংয়ে নয়। তিনি কখনো ছাত্রলীগ বা অন্য কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না। তাঁকে ফাঁদে ফেলা হয়েছে। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা।’
তিনি আরও বলেন, ‘আপনারা আমার স্বামীর চাকরির ফাইল ও বায়োডাটা দেখবেন। তাঁর বাবা একজন দরিদ্র কৃষক ছিলেন। কৃষকের ছেলে হিসেবে আমার স্বামী পড়াশোনায় মনোযোগ দিয়েছেন। তাঁর বাবা ১২-১৩ বছর আগে মারা গেছেন। বাবার নির্দেশে রাজনীতি করার যে কথা বলা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা। আমার স্বামী আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন। আপনারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বের করুন।’
এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ এবং তথ্য পাচারের অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলমের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার বিকেল সোয়া ৩টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালত এ আদেশ দেন। মামলার তদন্তের স্বার্থে পুলিশ তাঁর সাত দিনের রিমান্ড আবেদন করেছিল বলে জানিয়েছেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া।
এর আগে শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে পাঁচলাইশ থানায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলাটি নথিভুক্ত করা হয়। চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে মামলাটি করেন। পরে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট এবং পাঁচলাইশ থানা পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন।
উল্লেখ্য, মোহাম্মদ জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি পুলিশ বাহিনীতে যোগ দেন। তাঁর বাড়ি নরসিংদী জেলার শিবপুর উপজেলার চাঁদাপাশা গ্রামে। তিনি মো. জিন্নাত আলীর ছেলে। গ্রেপ্তারের আগে তিনি চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।