রাবিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন শুরু, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত

0
24

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন কার্যক্রম শুরু হচ্ছে আজ রোববার (১৫ নভেম্বর) দুপুর ১২টা থেকে। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

তবে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়ন এবং সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ফল প্রকাশের পরবর্তী সাত দিনের মধ্যে নির্ধারিত যোগ্যতা অনুযায়ী আবেদনের সুযোগ পাবেন।

বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ‘বি’ ইউনিটের পরীক্ষা ১২ ফেব্রুয়ারি, ‘সি’ ইউনিটের পরীক্ষা ১৩ ফেব্রুয়ারি এবং ‘এ’ ইউনিটের পরীক্ষা ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

প্রতিটি ইউনিটের পরীক্ষা দুই শিফটে নেওয়া হবে। প্রথম শিফট সকাল ১১টা থেকে দুপুর ১২টা এবং দ্বিতীয় শিফট দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে। তবে ‘বি’ ইউনিটের দ্বিতীয় শিফটের পরীক্ষা বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এবার দেশের আটটি আঞ্চলিক কেন্দ্রে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কেন্দ্রগুলো হলো—রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর, সিলেট, ময়মনসিংহ ও বরিশাল। আবেদন করার সময় শিক্ষার্থীদের পছন্দের পরীক্ষাকেন্দ্রের অঞ্চল নির্বাচন করতে হবে। একবার নির্বাচন করার পর কেন্দ্রের অঞ্চল পরিবর্তনের সুযোগ থাকবে না।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৫ ও ২০২৬ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদনের সুযোগ পাবেন। পাশাপাশি ডিপ্লোমা-ইন-কমার্স, বিএফএ (প্রাক), বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ভোকেশনাল), এ লেভেল এবং অন্যান্য সমমান পরীক্ষায় উত্তীর্ণরাও আবেদন করতে পারবেন। তবে অন্যান্য সমমানের পরীক্ষার ক্ষেত্রে এইচএসসি সমমান নির্ধারণ কমিটির অনুমোদন প্রয়োজন হবে। বিএফএ (প্রাক) ডিগ্রিধারীদের আবেদনের সময় মার্কশিট আপলোড করতে হবে।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করা শিক্ষার্থীরাও নির্ধারিত শর্তে সংশ্লিষ্ট ইউনিটে আবেদন করতে পারবেন। তাঁদের জিপিএ পাঁচের স্কেলে নির্ধারণ করা হবে।

মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের এসএসসি এবং এইচএসসি বা সমমান—উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। দুই পরীক্ষায় সম্মিলিত জিপিএ হতে হবে কমপক্ষে ৬.৫০।

বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং মোট জিপিএ কমপক্ষে ৭.৫০ থাকতে হবে।

জিসিই ও লেভেলে অন্তত পাঁচটি এবং এ লেভেলে অন্তত দুটি বিষয়ে উত্তীর্ণ হতে হবে। দুই পর্যায়ের মোট সাতটি বিষয়ের মধ্যে চারটিতে ন্যূনতম বি গ্রেড এবং বাকি তিনটিতে কমপক্ষে সি গ্রেড থাকতে হবে।

ও লেভেল, এ লেভেল এবং জাতীয় শিক্ষাক্রমের ইংরেজি ভার্সনে পড়াশোনা করা শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য ক্ষেত্রে ইংরেজিতে অনূদিত প্রশ্নপত্রের ব্যবস্থা থাকবে। এ সুবিধা পেতে আবেদনের সময় অনলাইনে নির্ধারিত অপশন নির্বাচন করতে হবে।

২০২৫ ও ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার শিক্ষাবোর্ড প্রণীত পাঠ্যসূচির ভিত্তিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান—তিন বিভাগের শিক্ষার্থীরাই যোগ্যতা অনুযায়ী সব ইউনিটে আবেদন করতে পারবেন। তবে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার বিভাগ অনুযায়ী নির্ধারিত যোগ্যতা তাঁদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

প্রতিটি ইউনিটে ১০০ নম্বরের বহুনির্বাচনি (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে মোট ৮০টি প্রশ্ন থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। একই প্রশ্নে একাধিক উত্তর চিহ্নিত করলেও তা ভুল হিসেবে বিবেচিত হবে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ন্যূনতম নম্বর নির্ধারণ করা হয়েছে ৪০।

এ ছাড়া সংশ্লিষ্ট ইউনিট, বিভাগ ও ইনস্টিটিউটের নির্ধারিত বিশেষ শর্ত পূরণ করতে হবে। কোটায় আবেদন করতে ইচ্ছুক শিক্ষার্থীদের অনলাইনে প্রকাশিত নির্দেশনা অনুসরণ করতে হবে। অন্যথায় পরবর্তী সময়ে কোটার জন্য আবেদন গ্রহণ করা হবে না।

ভর্তি বিজ্ঞপ্তিতে ইউনিটভেদে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। ‘এ’ (মানবিক) ও ‘সি’ (বিজ্ঞান) ইউনিটে আবেদনের জন্য মোট ১ হাজার ৩২০ টাকা দিতে হবে। এর মধ্যে মূল আবেদন ফি ১ হাজার ২০০ টাকা এবং ১০ শতাংশ সার্ভিস চার্জ ১২০ টাকা।

অন্যদিকে, ‘বি’ (বাণিজ্য) ইউনিটে আবেদনের ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১০০ টাকা। এর মধ্যে মূল ফি ১ হাজার টাকা এবং সার্ভিস চার্জ ১০০ টাকা।

‘এ’ ইউনিটের অধীনে রয়েছে কলা অনুষদের ১২টি বিভাগ, আইন অনুষদের দুটি বিভাগ, সামাজিক বিজ্ঞান অনুষদের ১০টি বিভাগ, চারুকলা অনুষদের তিনটি বিভাগ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর)।

‘বি’ ইউনিটের আওতায় বিজনেস স্টাডিজ অনুষদের ছয়টি বিভাগ রয়েছে। বিভাগগুলো হলো—হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা, ম্যানেজমেন্ট স্টাডিজ, মার্কেটিং, ফাইন্যান্স, ব্যাংকিং ও ইনস্যুরেন্স এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। এ ছাড়া ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) এই ইউনিটের অন্তর্ভুক্ত।

অন্যদিকে, ‘সি’ ইউনিটের অধীনে রয়েছে বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান, ভূ-বিজ্ঞান, ফিশারিজ এবং ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদের বিভাগগুলো। ভর্তি পরীক্ষার হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর, হেডফোন, মেমোরিযুক্ত ঘড়িসহ কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন করা যাবে না।

এ ছাড়া হিজাব পরিহিত নারী পরীক্ষার্থী কিংবা দুই কানসহ মুখমণ্ডল আবৃত রাখা পরীক্ষার্থীদের পরিচয় শনাক্তের প্রয়োজনে নারী পরিদর্শকের মাধ্যমে যাচাই করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here