
রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। একই সঙ্গে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় পুরো পুলিশ বাহিনী নেবে না বলেও জানিয়েছেন তিনি। রোববার (১৫ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সিএমপি কমিশনার।
তিনি জানান, গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর আলম বর্তমানে সিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) হেফাজতে রয়েছেন। আলোচিত রাষ্ট্রদ্রোহ মামলাটির তদন্তের দায়িত্বও পালন করবে এই ইউনিট। মামলা দায়েরের আগে সরকারের যথাযথ পূর্বানুমোদন নেওয়া হয়েছে। অনুমোদন পাওয়ার পর নগরের পাঁচলাইশ থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় জাহাঙ্গীর আলমকে।
সিএমপি কমিশনার আরও বলেন, রাষ্ট্রবিরোধী কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে কোনো ব্যক্তি জড়িত থাকলে তার দায় সংশ্লিষ্ট ব্যক্তিকেই নিতে হবে। এ ধরনের কর্মকাণ্ডে যিনিই জড়িত থাকুন না কেন, কোনোভাবেই পুরো পুলিশ বাহিনীকে এর দায়ভার বহন করতে হবে না।
এর আগে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ এবং তথ্য পাচারের অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার হন চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার জাহাঙ্গীর আলম। শনিবার (১৪ নভেম্বর) রাতে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট এবং পাঁচলাইশ থানা পুলিশের সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন।
এর আগে একই দিন রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে পাঁচলাইশ থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

