গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুরের, পূর্ণ উৎপাদনে যেতে লাগবে আরও কয়েক মাস

0
14

দীর্ঘ প্রতীক্ষা ও নানা চ্যালেঞ্জ পেরিয়ে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার ঈশ্বরদীর রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টা ১৬ মিনিটে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হয়। এর মধ্য দিয়ে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের যুগে প্রবেশের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করল বাংলাদেশ। তবে গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হলেও এখনই পূর্ণ উৎপাদন সক্ষমতায় পৌঁছায়নি কেন্দ্রটি। বাণিজ্যিকভাবে শতভাগ উৎপাদনে যেতে আরও কয়েক মাস সময় প্রয়োজন হতে পারে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম, এমপির উপস্থিতিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম গ্রিড সংযোগ কার্যক্রম শুরু হয়। এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান (চলতি দায়িত্ব) ড. এম মইনুল ইসলাম, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বিএইআরএ) চেয়ারম্যান মাহমুদুল হাসান, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান, প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেনসহ সংশ্লিষ্ট প্রকৌশলী, বিজ্ঞানী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের ঊর্ধ্বতন তথ্য কর্মকর্তা সৈকত আহমেদ দেশে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে পারমাণবিক বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, ফার্স্ট গ্রিড কানেকশন (এফজিসি) কার্যক্রমের আওতায় প্রাথমিক পর্যায়ে উৎপাদিত বিদ্যুৎ প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করার পরিকল্পনা রয়েছে। এ সময় টারবাইন, জেনারেটর এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা পর্যবেক্ষণ করা হবে।

প্রাথমিক পরীক্ষা শেষে প্রয়োজনীয় কারিগরি পর্যালোচনার জন্য বিদ্যুৎকেন্দ্রটিকে গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। এরপর প্রায় ২৮ ঘণ্টা বিরতি দিয়ে পুনরায় ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে সংযুক্ত করে পরবর্তী পরীক্ষা চালানোর পরিকল্পনা রয়েছে।

পরীক্ষার প্রতিটি ধাপে বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন সিস্টেমের কার্যকারিতা, টারবাইন ও জেনারেটরের কর্মক্ষমতা এবং জাতীয় গ্রিডের সঙ্গে বিদ্যুৎ সরবরাহের সামঞ্জস্য যাচাই করা হবে। এসব পরীক্ষার ফল সন্তোষজনক হলে পরবর্তী পরীক্ষামূলক পরিচালনার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। অনুমোদন পাওয়ার পর শুরু হবে পরবর্তী ধাপের ট্রায়াল অপারেশন।

প্রকল্পসংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি অনুসারে প্রথম ইউনিটের ১০ মাসের ট্রায়াল অপারেশন সম্পন্ন হওয়ার পর স্থায়ীভাবে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। ফলে পরীক্ষামূলক উৎপাদন শুরু হলেও পূর্ণ সক্ষমতায় পৌঁছাতে আরও কয়েক মাস অপেক্ষা করতে হবে।

বিএইআরএর চেয়ারম্যান মাহমুদুল হাসান জানান, গত অক্টোবরে রিয়্যাক্টরে নিউক্লিয়ার ফিশন বা পারমাণবিক বিভাজন বিক্রিয়া শুরু হওয়ার পর তা সফলভাবে পরিচালিত হয়েছে। ধারাবাহিক পরীক্ষা-নিরীক্ষা শেষে রূপপুরের প্রথম ইউনিট স্টেজ-সি বা ধাপ-সি কার্যক্রমের চূড়ান্ত অনুমোদন পায়।

এ পর্যায়ে পারমাণবিক জ্বালানি থেকে উৎপন্ন তাপশক্তি ধাপে ধাপে বাড়িয়ে বিদ্যুৎ উৎপাদনব্যবস্থার বিভিন্ন অংশের কার্যকারিতা পরীক্ষা করা হয়। নির্ধারিত তাপমাত্রা ও চাপ অর্জনের পর স্টিম জেনারেটরে উৎপন্ন উচ্চচাপের বাষ্প পাইপলাইনের মাধ্যমে টারবাইনে পাঠানো হয়। বাষ্পের চাপে টারবাইন ঘুরতে শুরু করে এবং এর সঙ্গে সংযুক্ত জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদিত হয়। পরবর্তী ধাপে জাতীয় গ্রিডে সংযোগের মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ সঞ্চালনব্যবস্থায় সরবরাহের সক্ষমতা যাচাই করা হচ্ছে।

এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান বলেন, মঙ্গলবার বিকেলে গ্রিড সিনক্রোনাইজেশনের পরীক্ষা শুরু হয়েছে। এ পরীক্ষার অংশ হিসেবেই রূপপুরের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে।

তিনি বলেন, জাতীয় সঞ্চালন লাইনে বিদ্যুৎকেন্দ্রের সংযোগ স্থাপন মানেই বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়া নয়। মূলত কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ এবং গ্রিড সেই বিদ্যুৎ গ্রহণে কতটা সক্ষম, তা যাচাই করতেই এ পরীক্ষা চালানো হচ্ছে। প্রথম দফায় বিদ্যুৎ সরবরাহের পর কয়েক ঘণ্টা ধরে কার্যকারিতা ও স্থিতিশীলতা পর্যবেক্ষণ করা হবে। পরীক্ষার ফল সন্তোষজনক হলে পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

প্রকল্পসংশ্লিষ্টরা বলছেন, ফার্স্ট গ্রিড কানেকশন বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনব্যবস্থা ও জাতীয় সঞ্চালনব্যবস্থার মধ্যে সমন্বয় প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ কারিগরি ধাপ। এ পর্যায়ে বিদ্যুৎ সরবরাহ শুরু হলেও কেন্দ্রটি এখনো পূর্ণাঙ্গ বাণিজ্যিক উৎপাদনে প্রবেশ করেনি।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশিকা ও আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড অনুসরণ করে ধাপে ধাপে উৎপাদন সক্ষমতা বাড়ানো হবে। প্রয়োজনীয় পরীক্ষা, লাইসেন্স ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সম্পন্ন হওয়ার পর প্রথম ইউনিটের উৎপাদনক্ষমতা পর্যায়ক্রমে ১০০ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে।

উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট নির্মাণ করা হচ্ছে। উভয় ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে কেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা দাঁড়াবে ২ হাজার ৪০০ মেগাওয়াট।

প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার ঘটনা দেশের জ্বালানি খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তবে পূর্ণাঙ্গ উৎপাদন ও বাণিজ্যিক সরবরাহ নিশ্চিত করতে এখনো বাকি রয়েছে একাধিক কারিগরি পরীক্ষা ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের ধাপ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here