
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চট্টগ্রাম জেলা শাখার সাত সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে অ্যাডভোকেট মোহাম্মদ আজমল হককে আহ্বায়ক এবং মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ারকে সদস্য-সচিব করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে চট্টগ্রাম জেলা শাখার প্রতিনিধিদের সঙ্গে কেন্দ্রীয় নীতিনির্ধারকদের এক মতবিনিময় সভায় এ কমিটি গঠন করা হয়।
সংস্থার জাতীয় কমিটির চেয়ারম্যান মোহাম্মদ তারিক হায়দারের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন নির্বাহী পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক। এতে উপস্থিত ছিলেন সিনিয়র লিগ্যাল অফিসার অ্যাডভোকেট সালমা সুলতানা শিখা এবং সহকারী সমন্বয়কারী সাইফুল আলম চৌধুরী।
সভায় বক্তব্য দেন সংস্থার চট্টগ্রাম জেলা শাখার সহ-সভাপতি ও রাঙ্গুনিয়া উপজেলা মডেল শাখার সভাপতি, ইসলামী সাহিত্যিক ও মানবাধিকার গবেষক মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ার। তিনি বলেন, কোনো সংগঠনের শৃঙ্খলা, সম্প্রসারণ, সমৃদ্ধি, ঐতিহ্য ও ভাবমর্যাদা বজায় রাখতে গঠনতন্ত্র অনুসরণ অপরিহার্য।
তিনি আরও বলেন, সম্প্রতি চট্টগ্রামে সংস্থার জেলা ও মহানগর কমিটি পুনর্গঠনের ক্ষেত্রে গঠনতন্ত্র যথাযথভাবে অনুসরণ না করায় দুই শাখার সংশ্লিষ্টদের মধ্যে মনোমালিন্য তৈরি হয়েছে। এ পরিস্থিতির দ্রুত অবসান প্রয়োজন।
সভায় জেলা শাখার নির্বাহী সদস্য ও বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মো. মুজাহিদুল ইসলাম বিষয়টি নিয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরেন। এ সময় চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ও পৌরসভা শাখার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ তারিক হায়দার বলেন, সংশোধিত গঠনতন্ত্র অনুযায়ী আগামী দুই মাসের মধ্যে চট্টগ্রামের সব উপজেলা ও পৌরসভা শাখা পুনর্গঠন করতে হবে। জেলা কমিটির সুপারিশের ভিত্তিতে এসব কমিটির অনুমোদন নিতে হবে কেন্দ্রীয় কার্যালয় থেকে। এরপর উপজেলা ও পৌরসভা শাখার কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা হবে।
সভায় গঠিত সাত সদস্যের আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মেয়াদোত্তীর্ণ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আজমল হক।
কমিটির সদস্যরা হলেন—বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মো. মুজাহিদুল ইসলাম, রাউজান উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ এনামুল হক, সীতাকুণ্ড উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট রৌশন আরা বেগম, ফটিকছড়ি উপজেলা শাখার সভাপতি সাংবাদিক সৈয়দ জাহেদ উল্লাহ কুরাইশী এবং রাউজান পৌরসভা শাখার সভাপতি ডা. মোহাম্মদ ওমর ফারুক।
এ ছাড়া রাঙ্গুনিয়া উপজেলা মডেল শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ারকে কমিটির সদস্য-সচিব করা হয়েছে।
নতুন আহ্বায়ক কমিটির মাধ্যমে চট্টগ্রাম জেলা শাখার সাংগঠনিক কার্যক্রমে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং উপজেলা ও পৌরসভা পর্যায়ের কমিটিগুলো পুনর্গঠনের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন সভায় অংশগ্রহণকারীরা।

