জাতিসংঘে ১২৮ ভোটে পাস রোহিঙ্গা ইস্যুতে প্রস্তাব

0
18

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) উত্থাপিত প্রস্তাব বিপুল ভোটে পাস হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রস্তাবটির পক্ষে ১২৮টি দেশ ভোট দেয়। বিপক্ষে ভোট পড়ে ছয়টি এবং ভোটদানে বিরত থাকে ৩৩টি দেশ।

বৃহস্পতিবার ঢাকায় পাওয়া এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।

প্রস্তাবটি পাস হওয়ার আগে জাতিসংঘে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেন চার্জ দ্য অ্যাফেয়ার্স রাষ্ট্রদূত সঞ্চিতা হক। তিনি দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকট সমাধানে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গাদের ব্যাপক বাস্তুচ্যুতির নয় বছর পার হলেও তাদের প্রত্যাবাসনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। বরং দীর্ঘস্থায়ী এই সংকটের কারণে বাংলাদেশ ও আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠী সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত এবং নিরাপত্তাসহ নানা চ্যালেঞ্জের মুখে পড়ছে।

এ সময় গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) আসন্ন রায়ের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, রোহিঙ্গাদের ন্যায়বিচার প্রতিষ্ঠা ও দায়বদ্ধতা নিশ্চিত করার ক্ষেত্রে এই রায় গুরুত্বপূর্ণ মাইলফলক হতে পারে বলে আশা করা হচ্ছে।

এ বছরের প্রস্তাবে মিয়ানমারের সামরিক বাহিনী ও আরাকান আর্মির হাতে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের বিষয়টি উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অবিলম্বে সহিংসতা বন্ধ, মানবিক সহায়তা নিশ্চিত এবং ন্যায়বিচার ও জবাবদিহিতা প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছে।

প্রস্তাবে ২০২৬ সালের জয়েন্ট রেসপন্স প্ল্যানসহ রোহিঙ্গাদের মানবিক সহায়তায় পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করা, তাদের রাজনৈতিক ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন ও পুনর্বাসনের পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রস্তাব বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায় ও আঞ্চলিক অংশীজনদের সম্মিলিত প্রচেষ্টা বাড়ানোর আহ্বান জানান রাষ্ট্রদূত সঞ্চিতা হক। তিনি বলেন, রোহিঙ্গা সংকটের সূত্রপাত মিয়ানমারে, তাই এর স্থায়ী সমাধানও মিয়ানমারেই খুঁজে বের করতে হবে।

প্রস্তাবে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) প্রসঙ্গ থাকায় যুক্তরাষ্ট্র ভোটাভুটির আহ্বান জানায়। ভোটের ব্যাখ্যায় দেশটি জানায়, বিভিন্ন প্রস্তাবে আইসিসির উল্লেখের বিষয়ে তাদের সাধারণ বিরোধিতা রয়েছে। তবে মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় যুক্তরাষ্ট্রের অবস্থান অপরিবর্তিত রয়েছে বলে স্পষ্ট করা হয়।

একই সঙ্গে এক দশকেরও বেশি সময় ধরে ১২ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের উদারতা ও মানবিক ভূমিকার প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here