
নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে বিএনপির দুই নেতার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। তবে ক্ষতিগ্রস্ত বাড়ির সংখ্যা নিয়ে স্থানীয় বিএনপি নেতা ও আওয়ামী লীগ নেতাদের বক্তব্যে ভিন্নতা দেখা দিয়েছে। এদিকে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবরকে মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছে জেলা পুলিশ।
স্থানীয় বিএনপি নেতাদের দাবি, শুক্রবার রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সাত থেকে আটটি বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। তবে পলাতক এক আওয়ামী লীগ নেতা দাবি করেছেন, তাদের পাড়ায় অন্তত ২০টি বাড়িতে আগুন দেওয়া হয়েছে। পাশাপাশি দোকানপাট লুট ও ধান লুটের অভিযোগও তুলেছেন তিনি।
বেন্দারচর গ্রামটি প্রায় দুই হাজার দুইশ ভোটারের। গ্রামটি পশ্চিম ও পূর্ব—দুই পাড়ায় বিভক্ত। স্থানীয়দের ভাষ্য, পশ্চিম পাড়াটি আওয়ামী লীগ সমর্থকদের এবং পূর্ব পাড়াটি বিএনপি সমর্থকদের এলাকা হিসেবে পরিচিত। শুক্রবার রাতে মূলত পশ্চিম পাড়ায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ঘটনার সূত্রপাত গত বুধবার সন্ধ্যায় বেন্দারচর বটতলা এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রায় হামলার মধ্য দিয়ে। অভিযোগ রয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই কর্মসূচিতে হামলা চালালে কৃষকদল ও জাসাসের দুই নেতাসহ ১০ থেকে ১৫ জন আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কালিয়া পৌর কৃষকদলের সদস্যসচিব শাহিনুর মোল্লা ও উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্লা।
দুই নেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। শুক্রবার বিকেলে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও কবর জিয়ারত শেষে কেন্দ্রীয় নেতারা এলাকা ত্যাগ করার পর সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়িসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
কালিয়া ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার বিকেল চারটার দিকে বেন্দারচরে কয়েকটি বাড়িতে আগুন লাগার খবর পায় তারা। তবে সড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়। রাত আটটার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছালে আগুন অনেকটাই নিভে গিয়েছিল।
এদিকে, হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা ও লুটপাটের খবরকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছে নড়াইল জেলা পুলিশ। শনিবার প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, হিন্দু সম্প্রদায়ের কোনো বাড়িঘর কিংবা ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেনি। পুরোনো ও কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভিডিও ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে বলেও দাবি পুলিশের।
পুলিশ আরও জানায়, শুক্রবার বিকেল পৌনে পাঁচটার দিকে নিহতদের আত্মীয়স্বজন এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বেন্দারচর গ্রামে একত্রিত হয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে হামলা চালান। খবর পেয়ে কালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

