
বিমা খাতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে ১০টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করতে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এ লক্ষ্যে ‘আইডিআরএ ইনস্যুরেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ প্রবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত আইডিআরএর ১৯২তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমা খাতে ইতিবাচক ভাবমূর্তি গড়ে তোলা, জনসাধারণের আস্থা পুনরুদ্ধার এবং ভালো পারফরম্যান্স করা কোম্পানিগুলোর কার্যক্রমের স্বীকৃতি দিতেই এই পুরস্কার চালু করা হয়েছে। সার্বিক সুশাসন ও বিভিন্ন সূচকে অসাধারণ পারফরম্যান্সের ভিত্তিতে লাইফ ও নন-লাইফ বিমা কোম্পানির মধ্য থেকে ‘আইডিআরএ ইনস্যুরেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’-এর জন্য প্রতিষ্ঠানগুলো নির্বাচন করা হয়েছে। নন-লাইফ বিমা কোম্পানি ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছে প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড। দ্বিতীয় স্থান পেয়েছে সাধারণ বিমা করপোরেশন। তৃতীয় স্থানে রয়েছে রিলায়েন্স ইন্স্যুরেন্স পিএলসি। চতুর্থ হয়েছে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি। পঞ্চম স্থানে যৌথভাবে রয়েছে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স পিএলসি, সেনা ইন্স্যুরেন্স পিএলসি ও ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। লাইফ বিমা কোম্পানি ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছে আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (মেটলাইফ)। দ্বিতীয় হয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। তৃতীয় স্থানে রয়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। চতুর্থ স্থান পেয়েছে জীবন বীমা করপোরেশন। পঞ্চম স্থানে যৌথভাবে রয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ও গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

