
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের দিনই উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল থেকেই বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে হুমায়ুন কবীরের দল আম জনতা উন্নয়ন পার্টির সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের খবর পাওয়া গেছে। শিবনগর এলাকায় একটি ভোটকেন্দ্রের কাছাকাছি বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটে বলে অভিযোগ উঠেছে। তৃণমূলের দাবি, আম জনতা উন্নয়ন পার্টির কর্মীরাই এলাকায় অস্থিরতা তৈরি করছে। অন্যদিকে, এলাকায় প্রবেশ করতে গেলে হুমায়ুন কবীরকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল সমর্থকেরা। নওদা থানার শিবনগর গ্রামের ১৭৩ নম্বর বুথের সামনে তাকে লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয়। এর জেরে হুমায়ুন কবীর সড়কের মাঝেই অবস্থান নেন। পরে এলাকা ছাড়ার সময় তার ওপর হামলার চেষ্টা করা হয় এবং গাড়ির সামনে বাঁশ ফেলে পথরোধ করা হয় বলে অভিযোগ করেন তিনি। এছাড়া তার কনভয়ের গাড়িতে ভাঙচুর এবং পোলিং এজেন্টের গাড়িতে ইট নিক্ষেপের ঘটনাও ঘটে। শেষ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর সহায়তায় ঘটনাস্থল ত্যাগ করেন তিনি। সংঘর্ষের ঘটনায় দুই পক্ষই একে অপরকে দায়ী করেছে। এদিকে, একই দিনে ডোমকল কেন্দ্রেও সিপিআই (এম) ও তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনার পর ২১৭ নম্বর বুথে ভোট দিতে গিয়ে বাধার মুখে পড়েন ভোটাররা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মুর্শিদাবাদ জেলা পুলিশ মাইকিং করে ভোটারদের কেন্দ্রে যাওয়ার আহ্বান জানায় এবং নিরাপত্তার আশ্বাস দেয়। উল্লেখ্য, ২০২৫ সালের ২২ ডিসেম্বর ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত হওয়ার পর আম জনতা উন্নয়ন পার্টি গঠন করেন।

