
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতায় গেলে পদ্মা ও তিস্তা নদীর ন্যায্য পানিবণ্টন এবং ফারাক্কা সমস্যার সমাধানে সর্বোচ্চ গুরুত্ব দেবে বিএনপি। তিনি বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে সমতার ভিত্তিতে সম্পর্ক গড়ে তুলবে বিএনপি—‘দাদাগিরি করার সুযোগ থাকবে না।’ শনিবার (১৫ নভেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর ওপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, “প্রতিটি দেশ তার স্বার্থ রক্ষা করবে—এটাই স্বাভাবিক। কিন্তু জনগণের ভোটে নির্বাচিত বৈধ সরকার না থাকলে প্রতিবেশী দেশের সঙ্গে ন্যায্য অধিকার আদায় কঠিন হয়ে যায়।” তিনি আরও বলেন, বিএনপি সরকারে এলে পদ্মা-তিস্তা পানিবণ্টন ইস্যুতে বাংলাদেশের ন্যায্য অধিকার নিশ্চিত করতে দ্বিপাক্ষিক উদ্যোগ জোরদার করা হবে। চাঁপাইনবাবগঞ্জে শনিবার বিকেলে ‘বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ; সবার আগে বাংলাদেশ’ স্লোগানে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে জেলা গণসমাবেশের আয়োজন করেছে বিএনপি। সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। বাংলাদেশ-ভারতের অভিন্ন নদী পদ্মার ন্যায্য পানিবণ্টনের দাবিতে ইতোমধ্যে জেলার সব উপজেলায় কর্মসূচি পালিত হয়েছে। ২ নভেম্বর শহীদ সাটু হলে মতবিনিময় সভার মাধ্যমে কর্মসূচি শুরু হয়, এরপর প্রতিটি উপজেলায় সমাবেশ অনুষ্ঠিত হয়। তার ধারাবাহিকতায় আজ জেলা পর্যায়ের গণসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এ আয়োজনের সমন্বয়ের দায়িত্বে আছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ হারুনুর রশীদ। তাকে সহযোগিতা করছেন বিএনপির চেয়ারপারসনের আরেক উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাবেক সাংসদ অধ্যাপক শাহজাহান মিঞা এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প-বাণিজ্যবিষয়ক সহসম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সাংসদ মো. আমিনুল ইসলাম।

