
দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সন্ধ্যার পর থেকে সকাল ৭টা পর্যন্ত জেলার মানুষ শীত অনুভব করছে। এ সময় কুয়াশাও দেখা গেছে। সোমবার (১ ডিসেম্বর) দিনাজপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.২ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৯৪ শতাংশ। যা রোববার (৩০ নভেম্বর) ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ৯২ শতাংশ। সরেজমিনে দেখা গেছে, সকাল-সন্ধ্যা মানুষ গরম কাপড় পরে বের হচ্ছেন। ভোরে মসজিদেও মুসল্লিরা শীতের পোশাক পরে নামাজে অংশ নিচ্ছেন। খোদমাধপুর মিন্ত্রিপাড়া জামে মসজিদে ফজরের নামাজে আসা আসতারুল ইসলাম বলেন, “ভোরে শীত অনুভূত হচ্ছে। শীতের কাপড় পরে বের হতে হচ্ছে। স্পষ্ট বোঝা যাচ্ছে শীত আসছে।” স্টেশন এলাকায় দেখা গেছে, পত্রিকার হকার দুখু মিয়া ও ফিরোজ ইসলাম শীতের পোশাক পরে ছিলেন। তারা জানান, “ভোরবেলা পত্রিকা বিতরণ করতে বের হতে হয়। আজ কুয়াশা বেশি। ভোরে ঠান্ডা লাগলেও সাইকেল চালানোর কারণে গরম হয়ে গেছে। তাই হালকা কাপড় সাইকেলের হ্যান্ডলে রেখে দিয়েছি।” দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, “জেলায় ধীরে ধীরে শীত বাড়ছে। প্রতিদিন তাপমাত্রা কমছে, তবে গতবারের তুলনায় ধীরে নামছে। এখনো তীব্র শীত নেই। সোমবার তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩.২ ডিগ্রি সেলসিয়াস।”
