
সীতাকুণ্ডে দুর্ঘটনার পর শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ৩০ কিলোমিটার যানজট
চট্টগ্রামের সীতাকুণ্ডে লরির ধাক্কায় একটি মিনি বাস উল্টে চাপা পড়ে মাইশা মুসফিরাত নামে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই নারী শিক্ষার্থী। দুর্ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢালাস ফিলিং স্টেশনের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। ওই সময় তিন শিক্ষার্থী রাস্তা পার হওয়ার জন্য মহাসড়কের পাশে অপেক্ষা করছিলেন।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, এ সময় দ্রুতগতিতে আসা একটি লরি তাদের সামনে থাকা একটি মিনি বাসকে ধাক্কা দেয়। এতে বাসটি উল্টে অপেক্ষমাণ শিক্ষার্থীদের ওপর পড়ে। বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান মাইশা মুসফিরাত। আহত অপর দুই শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত মাইশা মুসফিরাত (২০) আইআইইউসির ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। আহত দুই শিক্ষার্থীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে শিক্ষার্থী নিহতের ঘটনায় বিক্ষুব্ধ সহপাঠীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করলে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে প্রায় ৩০ কিলোমিটার এলাকাজুড়ে যান চলাচল ব্যাহত হয়।
বার আউলিয়া হাইওয়ে থানার সার্জেন্ট মো. শামীম আলম বলেন, শিক্ষার্থী নিহতের ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্রক্টর অধ্যাপক মোস্তফা মুনির চৌধুরী শিক্ষার্থী নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, লরির ধাক্কায় বাস উল্টে আমাদের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

