সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন প্রায় ৩০০ পরিবার

0
35

সড়কে একের পর এক দুর্ঘটনায় ঝরছে প্রাণ, ভেঙে পড়ছে অসংখ্য পরিবার। ভয়াবহ এসব দুর্ঘটনায় শুধু ব্যক্তির মৃত্যু নয়, কখনো কখনো একসঙ্গে প্রাণ হারাচ্ছেন পরিবারের একাধিক সদস্য। ২০২০ সাল থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। মোটরসাইকেল, অটোরিকশা, মাইক্রোবাস, প্রাইভেটকার, অ্যাম্বুলেন্স ও বাস দুর্ঘটনায় এসব পরিবারের সদস্যদের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (৮ নভেম্বর) রোড সেফটি ফাউন্ডেশনের প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে এমন উদ্বেগজনক চিত্র। দেশের ৯টি জাতীয় দৈনিক, ১৭টি অনলাইন নিউজ পোর্টাল, ইলেকট্রনিক গণমাধ্যম এবং সংস্থাটির নিজস্ব তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত হওয়ার ঘটনা ঘটেছে ১৯৩টি। এসব ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩৮৬ জন। একইভাবে মোটরসাইকেল দুর্ঘটনায় পিতা ও সন্তানের একসঙ্গে মৃত্যুর ঘটনা ঘটেছে ১৫৯টি। এতে নিহত হয়েছেন ৩১৮ জন।

অটোরিকশা দুর্ঘটনায় একই পরিবারের একাধিক সদস্যের প্রাণহানির চিত্র আরও ভয়াবহ। এসব দুর্ঘটনায় একই পরিবারের দুজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে ২১১টি, তিনজন ১১৮টি, চারজন ৯২টি, পাঁচজন ৫৩টি, ছয়জন ৩৮টি এবং সাতজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে ১৩টি। সব মিলিয়ে ৫২৫টি অটোরিকশা দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ৭২৮ জন।

মাইক্রোবাস দুর্ঘটনাতেও একসঙ্গে প্রাণ হারিয়েছেন একই পরিবারের বহু সদস্য। এ ধরনের দুর্ঘটনায় একই পরিবারের দুজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে ৪৮টি, তিনজন ৪৬টি, চারজন ৩৯টি, পাঁচজন ২৮টি এবং ছয়জন নিহত হওয়ার ঘটনা ২০টি। এ ছাড়া এক দুর্ঘটনায় একই পরিবারের ১১ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে চারটি এবং ১৪ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে একটি। মোট ১৮৬টি মাইক্রোবাস দুর্ঘটনায় প্রাণ গেছে ৭০৮ জনের।

প্রাইভেটকার দুর্ঘটনায় একই পরিবারের দুজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে ৩৪টি, তিনজন ৩১টি, চারজন ২৪টি এবং পাঁচজন নিহত হওয়ার ঘটনা ১৯টি। এ ধরনের মোট ১০৮টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩৫২ জন।

অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় একই পরিবারের দুজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে ১১টি, তিনজন ১৫টি, চারজন নয়টি, পাঁচজন সাতটি এবং আটজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে তিনটি। সব মিলিয়ে ৪৫টি অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় প্রাণ গেছে ১৬২ জনের।

অন্যদিকে, বাস দুর্ঘটনায় একই পরিবারের দুজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে ১৭টি, তিনজন নয়টি এবং চারজন নিহত হওয়ার ঘটনা ছয়টি। মোট ৩২টি বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৮৫ জন। এ ছাড়া পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার ঘটনায় একই পরিবারের চার সদস্য নিহত হওয়ার একটি ঘটনাও রয়েছে।

পরিবারভিত্তিক এমন প্রাণহানির পেছনে বেশ কয়েকটি কারণ চিহ্নিত করেছে রোড সেফটি ফাউন্ডেশন। এর মধ্যে রয়েছে পরিবারের সদস্যদের একসঙ্গে কর্মস্থলে বা ভ্রমণে যাওয়ার প্রবণতা, মহাসড়কে অটোরিকশা চলাচল, অধিকাংশ মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্সের ফিটনেস না থাকা এবং এসব যানবাহনের চালকদের অদক্ষতা।

এ ছাড়া চালকদের পর্যাপ্ত বিশ্রাম ছাড়া দীর্ঘসময় গাড়ি চালানো, মানসম্মত হেলমেট ব্যবহার না করা, বেপরোয়া মোটরসাইকেল চালানো এবং ট্রাফিক আইন অমান্য করাকেও দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি।

এ ধরনের প্রাণহানি কমাতে মোটরসাইকেল আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার এবং ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ দিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।

একই সঙ্গে সব মহাসড়কে রোড ডিভাইডার ও সার্ভিস রোড নির্মাণ, গ্রামীণ সড়ক থেকে মহাসড়কে সরাসরি সংযোগ বন্ধ করে নিরাপদ সড়ক নকশা প্রণয়ন এবং সড়ক-মহাসড়কে যানবাহন চলাচলে কার্যকর নজরদারি নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে।

এ ছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রাতিষ্ঠানিক কার্যকারিতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর পাশাপাশি সড়ক ব্যবহারকারীদের সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধিতে শিক্ষা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দিয়েছে সংস্থাটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here