পণ্য পরিবহনে রেলওয়ের সক্ষমতা বাড়াতে ৩০ নতুন ইঞ্জিন কিনছে সরকার

0
25

দেশের পণ্য পরিবহনে রেলওয়ের অংশগ্রহণ বাড়ানো এবং পুরোনো ইঞ্জিনের সংকট নিরসনে ২ হাজার ৭৬৯ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে ৩০টি নতুন মিটারগেজ ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার। এ প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হবে নতুন ৩০টি ইঞ্জিন। এতে যাত্রী পরিবহনের পাশাপাশি মালবাহী ট্রেন পরিচালনার সক্ষমতাও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

‘রেলওয়ের সক্ষমতা সম্প্রসারণ’ শীর্ষক প্রকল্পটির মূল লক্ষ্য মিটারগেজ রুটে ইঞ্জিনের ঘাটতি কমানো, পুরোনো ও মেয়াদোত্তীর্ণ ইঞ্জিন প্রতিস্থাপন এবং রেলপথে সামগ্রিক পরিবহন সক্ষমতা বাড়ানো। বিশেষ করে দেশের গুরুত্বপূর্ণ মিটারগেজ রুটগুলোতে যাত্রীবাহী ট্রেনের পাশাপাশি মালবাহী ট্রেন চলাচলের সুযোগ সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন থাকবে ৮১১ কোটি ৩৮ লাখ টাকা। বাকি ১ হাজার ৯৫৮ কোটি ৪৮ লাখ টাকা ঋণ হিসেবে দেবে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)। অর্থাৎ প্রকল্পের প্রায় ৭১ শতাংশ অর্থায়ন আসবে সংস্থাটির ঋণ থেকে।

গত ৭ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। এর বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।

সংশ্লিষ্টদের মতে, দেশের অভ্যন্তরীণ পণ্য পরিবহনে রেলওয়ের অংশগ্রহণ এখনো অত্যন্ত সীমিত। বর্তমানে মোট পণ্য পরিবহনের মাত্র ৩ থেকে ৪ শতাংশ রেলপথে সম্পন্ন হয়। অথচ তুলনামূলক কম খরচে দীর্ঘ দূরত্বে বিপুল পরিমাণ পণ্য পরিবহন এবং সড়কপথের ওপর চাপ কমানোর ক্ষেত্রে রেলওয়ের ব্যাপক সম্ভাবনা রয়েছে।

এই সম্ভাবনা কাজে লাগাতে ইঞ্জিন সংকট নিরসন ও মালবাহী ট্রেন পরিচালনার সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ৩০টি লোকোমোটিভ যুক্ত হলে রেলপথে পণ্য পরিবহনের পরিধি বাড়ানোর পাশাপাশি বিদ্যমান রেল নেটওয়ার্কের ব্যবহারও বাড়ানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন বলেন, রেলওয়ের পণ্য পরিবহন সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো প্রয়োজনীয় লোকোমোটিভের ঘাটতি।

তিনি বলেন, অনেক পুরোনো ইঞ্জিন দিয়ে এখনো ট্রেন পরিচালনা করতে হচ্ছে। নতুন ৩০টি মিটারগেজ লোকোমোটিভ যুক্ত হলে এ সংকট অনেকটাই কমবে। এতে বিদ্যমান রেলপথে ট্রেন পরিচালনার সক্ষমতা বাড়বে এবং যাত্রী ও পণ্য পরিবহনে আরও উন্নত সেবা দেওয়া সম্ভব হবে।

বাংলাদেশ রেলওয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে সংস্থাটির বহরে মোট ২৯২টি লোকোমোটিভ রয়েছে। এর মধ্যে ১৬৪টি মিটারগেজ এবং ১২৮টি ব্রডগেজ। তবে মিটারগেজ ইঞ্জিনগুলোর একটি বড় অংশের অর্থনৈতিক আয়ুষ্কাল ইতোমধ্যে শেষ হয়েছে।

রেলওয়ের যান্ত্রিক বিধিমালা অনুযায়ী, একটি লোকোমোটিভের অর্থনৈতিক আয়ুষ্কাল ২০ বছর। অথচ বর্তমানে ব্যবহৃত ১১৫টি মিটারগেজ লোকোমোটিভের বয়স এই সীমা অতিক্রম করেছে। এর মধ্যে ৬২টি ইঞ্জিনের বয়স ৪০ বছরেরও বেশি। দীর্ঘদিন ব্যবহারের ফলে এসব ইঞ্জিনের কার্যক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

শুধু তাই নয়, পুরোনো ইঞ্জিনগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ সংগ্রহ করাও কঠিন হয়ে পড়েছে। অনেক ক্ষেত্রে বাজারে এসব ইঞ্জিনের যন্ত্রাংশ পাওয়া যায় না। ফলে বিকল্প উপায়ে যন্ত্রাংশ সংগ্রহ করতে হয়, যা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। কোনো ইঞ্জিন বিকল হলে মেরামত করে পুনরায় চালু করতেও দীর্ঘ সময় প্রয়োজন হয়। এতে ট্রেন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি যাত্রী ও পণ্য পরিবহনের সক্ষমতা কমে যায়।

বিশেষ করে মিটারগেজ রুটে ইঞ্জিনের ঘাটতি রেলওয়ের পরিচালন কার্যক্রমে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। নতুন ইঞ্জিন যুক্ত হলে পুরোনো লোকোমোটিভের ওপর নির্ভরতা কমবে। পাশাপাশি ট্রেনের সময়সূচি ঠিক রাখা, অতিরিক্ত ট্রেন পরিচালনা এবং বিদ্যমান রেলপথের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার সুযোগ তৈরি হবে।

প্রকল্পের আওতায় প্রতিটি নতুন লোকোমোটিভের আনুমানিক মূল্য ধরা হয়েছে প্রায় ৬৯ কোটি টাকা। তবে কোন দেশ বা প্রতিষ্ঠানের কাছ থেকে ইঞ্জিনগুলো কেনা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সরবরাহকারী প্রতিষ্ঠান নির্বাচন করা হবে। আন্তর্জাতিক বাজারের উপযুক্ত প্রতিষ্ঠানগুলো এতে অংশ নেওয়ার সুযোগ পাবে।

ইঞ্জিন সংগ্রহের পাশাপাশি প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ, রক্ষণাবেক্ষণ সরঞ্জাম, বিশেষায়িত টুলস এবং কারিগরি সহায়তাও প্রকল্পের আওতায় রাখা হয়েছে। নতুন ইঞ্জিনগুলো দীর্ঘমেয়াদে সচল রাখতে এসব উপকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম বলেন, সরকার রেলওয়েকে শুধু যাত্রী পরিবহনের মাধ্যম হিসেবে দেখতে চায় না। দেশের পণ্য পরিবহন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে রেলওয়ের অংশগ্রহণ বাড়ানোও সরকারের অন্যতম লক্ষ্য। সড়কপথের ওপর চাপ কমানো এবং সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তুলতে রেলপথের সক্ষমতা বাড়ানো প্রয়োজন। নতুন লোকোমোটিভ সংগ্রহ সেই পরিকল্পনারই একটি গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশ রেলওয়ের পরিসংখ্যান অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে রেলপথে ৫৪ লাখ ৬৭ হাজার টন পণ্য পরিবহন করা হয়েছিল। পরের অর্থবছর ২০২১-২২ সালে তা কমে দাঁড়ায় ৫৩ লাখ ৩৩ হাজার টনে। ২০২২-২৩ অর্থবছরে পণ্য পরিবহনের পরিমাণ আরও কমে হয় ৪৪ লাখ ১৪ হাজার ২০২ টন।

বর্তমানে রেলপথে প্রধানত চাল, গম, সার, জ্বালানি তেল, পাথর, বালু, শিল্পকারখানার কাঁচামাল ও বিভিন্ন ধরনের কনটেইনার পরিবহন করা হয়। বিশেষ করে চট্টগ্রাম বন্দর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে আমদানি করা পণ্য এবং শিল্পাঞ্চলে কাঁচামাল সরবরাহের ক্ষেত্রে রেলওয়ের বড় ভূমিকা রাখার সুযোগ রয়েছে।

তবে ইঞ্জিন ও ওয়াগনের স্বল্পতা, পর্যাপ্ত মালবাহী ট্রেন পরিচালনায় সীমাবদ্ধতা এবং পণ্য ওঠানো-নামানোর অবকাঠামোগত দুর্বলতার কারণে রেলওয়ে এখনো এ সম্ভাবনার পূর্ণ ব্যবহার করতে পারছে না। দ্রুত পণ্য সরবরাহের প্রয়োজন থেকে অনেক ব্যবসায়ী ও শিল্পপ্রতিষ্ঠান সড়কপথের ওপর নির্ভরশীল।

সংশ্লিষ্টরা বলছেন, রেলপথে পণ্য পরিবহন বাড়াতে শুধু নতুন ইঞ্জিন সংগ্রহ করলেই হবে না। একই সঙ্গে ওয়াগনের সংখ্যা বাড়ানো, পণ্য ওঠানো-নামানোর সুবিধা সম্প্রসারণ এবং গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রগুলোর সঙ্গে রেল যোগাযোগ আরও কার্যকর করতে হবে।

এ লক্ষ্য সামনে রেখে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। ঢাকা-চট্টগ্রামসহ দেশের প্রধান বাণিজ্যিক করিডোরগুলোতে ডাবল লাইনের সুবিধা কাজে লাগিয়ে আরও বেশি মালবাহী ট্রেন পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন রেলপথমন্ত্রী।

পাশাপাশি নতুন ওয়াগন ও লোকোমোটিভ সংগ্রহ, আঞ্চলিক ও উপ-আঞ্চলিক রেল যোগাযোগ সম্প্রসারণ, ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) এবং লজিস্টিকস হাব নির্মাণের পরিকল্পনাও রয়েছে। বাস্তবায়নাধীন বড় রেল প্রকল্পগুলোর বাণিজ্যিক ব্যবহার নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

রেলওয়ের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, সংস্থাটির প্রয়োজন প্রায় ৭০ থেকে ৮০টি লোকোমোটিভ। সে তুলনায় বর্তমান প্রকল্পে সংগ্রহ করা হচ্ছে ৩০টি ইঞ্জিন। ফলে নতুন ইঞ্জিন যুক্ত হলেও সামগ্রিক চাহিদা পূরণে ভবিষ্যতে আরও লোকোমোটিভ সংগ্রহের প্রয়োজন হবে।

রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, দেশের রেলওয়ে নেটওয়ার্কে বিশেষ করে মিটারগেজ লোকোমোটিভের উল্লেখযোগ্য ঘাটতি রয়েছে। এ কারণে অনেক সময় বিদ্যমান সক্ষমতা অনুযায়ী ট্রেন পরিচালনা করা সম্ভব হয় না। এই সংকট মোকাবিলায় সরকার পর্যায়ক্রমে নতুন লোকোমোটিভ সংগ্রহের উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, ৩০টি নতুন মিটারগেজ লোকোমোটিভ সংগ্রহের প্রকল্প বাস্তবায়িত হলে রেলওয়ের ইঞ্জিন সংকট অনেকটাই কমবে। একই সঙ্গে যাত্রী ও পণ্য পরিবহনের সক্ষমতা বাড়বে। পুরোনো ও মেয়াদোত্তীর্ণ ইঞ্জিনের ওপর নির্ভরতা কমিয়ে আধুনিক প্রযুক্তিনির্ভর রেল পরিবহনব্যবস্থা গড়ে তোলাও সম্ভব হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, দীর্ঘমেয়াদে দেশের রেল নেটওয়ার্ক আধুনিকায়ন এবং পর্যায়ক্রমে মিটারগেজ রেলপথকে ডুয়েলগেজে রূপান্তরের পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। তবে এ প্রক্রিয়া সম্পন্ন করতে সময় প্রয়োজন। তাই রেলপথের ধরন পরিবর্তনের আগ পর্যন্ত বিদ্যমান মিটারগেজ নেটওয়ার্ক সচল রাখা এবং এর সক্ষমতা বাড়ানোও সমান গুরুত্বপূর্ণ।

তিনি জানান, নতুন লোকোমোটিভ সংগ্রহের মাধ্যমে বর্তমান চাহিদা পূরণের পাশাপাশি ভবিষ্যতের রেল যোগাযোগব্যবস্থার উন্নয়নের পথও সুগম হবে।

প্রকল্পটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি। আধুনিক ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য বিশেষায়িত প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। এ কারণে প্রকল্পের আওতায় প্রকৌশলী, সুপারভাইজার এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে।

প্রস্তুতকারক প্রতিষ্ঠানের কারিগরি বিশেষজ্ঞরা স্থানীয় প্রকৌশলী ও রক্ষণাবেক্ষণকর্মীদের প্রশিক্ষণ দেবেন। পাশাপাশি নির্দিষ্ট সময়ের জন্য সার্ভিস ইঞ্জিনিয়ারের মাধ্যমে পরিচালনা ও রক্ষণাবেক্ষণসংক্রান্ত কারিগরি সহায়তাও দেওয়া হবে।

এর ফলে নতুন প্রযুক্তির সঙ্গে রেলওয়ের জনবলের পরিচিতি বাড়বে। ইঞ্জিনের ত্রুটি শনাক্তকরণ, নিয়মিত রক্ষণাবেক্ষণ ও যন্ত্রাংশ পরিবর্তনের ক্ষেত্রে তাদের দক্ষতা তৈরি হবে। দীর্ঘমেয়াদে বিদেশি কারিগরি সহায়তার ওপর নির্ভরতা কমানোরও সুযোগ সৃষ্টি হবে।

রেলওয়ের মাস্টারপ্ল্যান অনুযায়ী, ২০৪০ সালের মধ্যে দেশের মিটারগেজ রেললাইনগুলোকে ডুয়েলগেজে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। তবে বাস্তবায়ন প্রক্রিয়ায় বিলম্ব হলে ২০৫৫ থেকে ২০৬০ সাল পর্যন্তও দেশের বিভিন্ন রুটে মিটারগেজ ট্রেন চলাচল অব্যাহত থাকতে পারে বলে এক মূল্যায়নে উল্লেখ করা হয়েছে।

এ বাস্তবতায় মিটারগেজ লোকোমোটিভ সংগ্রহের প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ, রেলপথের ধরন পরিবর্তনের আগ পর্যন্ত বিদ্যমান মিটারগেজ নেটওয়ার্ক সচল ও কার্যকর রাখা জরুরি।

প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রেলওয়ে এলাকায় এর সুফল পাওয়ার সম্ভাবনা রয়েছে।

সামগ্রিকভাবে নতুন ৩০টি লোকোমোটিভ সংগ্রহ রেলওয়ের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে রেলপথে পণ্য পরিবহনের প্রকৃত সম্ভাবনা কাজে লাগাতে ইঞ্জিন সংগ্রহের পাশাপাশি ওয়াগন, পণ্য ওঠানো-নামানোর অবকাঠামো, লজিস্টিকস সুবিধা এবং পরিচালন দক্ষতার উন্নয়নও নিশ্চিত করতে হবে। তাহলেই রেলওয়েকে দেশের যাত্রী ও পণ্য পরিবহনের অন্যতম প্রধান মাধ্যম হিসেবে গড়ে তোলার সরকারি পরিকল্পনা বাস্তব রূপ পাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here