
জাতীয় বিচ ভলিবল প্রতিযোগিতা ২০২৬-এ অংশ নিতে যাচ্ছে চট্টগ্রাম মহানগরীর পুরুষ ও নারী ভলিবল দল। প্রতিযোগিতায় অংশগ্রহণের আগে চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার সভাপতি ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দলের খেলোয়াড়রা।
বাংলাদেশ ভলিবল ফেডারেশন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের যৌথ উদ্যোগে আগামী ১৮ থেকে ২২ নভেম্বর কক্সবাজারের ডলফিন বিচে অনুষ্ঠিত হবে জাতীয় বিচ ভলিবল প্রতিযোগিতা ২০২৬। এবারই প্রথমবারের মতো এ প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে চট্টগ্রাম মহানগরীর দল।
সৌজন্য সাক্ষাৎকালে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী খেলোয়াড়দের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রতিযোগিতায় ভালো ফলাফল অর্জনের জন্য তাদের উৎসাহ ও অনুপ্রেরণা দেন। পাশাপাশি দলের খেলোয়াড়দের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ এবং উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী। এ ছাড়া বিচ ভলিবল টুর্নামেন্ট প্রস্তুতি কমিটির আহ্বায়ক, সদস্য সচিব ও অন্যান্য সদস্য এবং চট্টগ্রাম মহানগরীর পুরুষ ও নারী দলের ম্যানেজার, কোচ ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
প্রথমবারের মতো জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় অংশগ্রহণকে সামনে রেখে চট্টগ্রাম মহানগরীর পুরুষ ও নারী দলের খেলোয়াড়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

