সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে আগুন, অল্পের জন্য রক্ষা

0
21

চট্টগ্রামের সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের ঢেমশা শাখায় গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা এ আগুন লাগিয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়দের দ্রুত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে শাখাটি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

ব্যাংকটির শাখা ব্যবস্থাপক মীর লায়েক আলী জানান, ঘটনার সময় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা ঘুমিয়ে ছিলেন। হঠাৎ একজনের ঘুম ভেঙে গেলে তিনি জানালা দিয়ে অস্বাভাবিক আলো দেখতে পান। বাইরে তাকিয়ে নিচে আগুন জ্বলতে দেখে চিৎকার করে অন্যদের সতর্ক করেন।

তার চিৎকার শুনে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও আবাসিক এলাকার লোকজন দ্রুত নিচে নেমে আসেন। পরে ব্যাংকের এরিয়া ম্যানেজার, প্রোগ্রাম অফিসারসহ আবাসিক এলাকার প্রায় ১১ জন মিলে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুন নেভানোর পর ব্যাংকের আশপাশের সড়ক ও বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হলেও সন্দেহভাজন কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলেও জানান শাখা ব্যবস্থাপক। সাতকানিয়া এনএসআই ইনচার্জের সঙ্গে মুঠোফোনে কথা বলার পাশাপাশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও বিষয়টি জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলীম বলেন, ব্যাংক কর্তৃপক্ষ এখনো এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ করেনি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে বোতলজাতীয় কোনো বস্তু ব্যবহার করে আগুন লাগানোর আলামত পাওয়া গেছে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here