নাশকতার উদ্দেশ্যে চুরি হওয়া পুলিশের টহল গাড়ি উদ্ধার, গ্রেপ্তার ১

0
20

চট্টগ্রামে নাশকতার উদ্দেশ্যে চুরি হওয়া পুলিশের সরকারি টহল গাড়ি অক্ষত অবস্থায় উদ্ধার করেছে হালিশহর থানা পুলিশ। এ ঘটনায় প্রধান অভিযুক্ত রুবেল (৪০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে নগরীর ছোটপুল এলাকায় পুলিশ লাইন্স সংলগ্ন পুনাক রেস্টুরেন্টের সামনে থেকে সিএমপির গাড়ি নম্বর ১৮০ চুরি হয়। পরে পুলিশের বিশেষ অভিযান ও সমন্বিত তৎপরতায় সন্ধ্যায় গাড়িটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ১৮ নভেম্বর দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে হালিশহর থানার মোবাইল-৪২ (দিবা) ডিউটিতে থাকা পুলিশ সদস্যরা ছোটপুল এলাকায় পুনাক রেস্টুরেন্টের সামনে সরকারি গাড়িটি রেখে দুপুরের খাবার খেতে যান। খাবার শেষে ফিরে এসে গাড়িটি সেখানে দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করেন। তবে গাড়ির সন্ধান না পেয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়।

পরে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, দুপুর ২টা ৪৩ মিনিটের দিকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি গাড়িটি নিয়ে চলে যায়।

ঘটনার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ও পুলিশ কন্ট্রোল রুমের সমন্বয়ে বিভিন্ন চেকপোস্টে নজরদারি জোরদার করা হয়। পুলিশের তৎপরতা ও সমন্বিত অভিযানের মাধ্যমে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে হালিশহর থানা এলাকা থেকে চুরি হওয়া সরকারি গাড়িটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে অভিযান চালিয়ে হালিশহর থানার বিশেষ আভিযানিক দল ডবলমুরিং থানার দেওয়ানহাট মোড় এলাকা থেকে প্রধান অভিযুক্ত রুবেলকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে শনাক্ত হওয়া অন্যান্য ব্যক্তি এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here