
এশিয়া কাপ ২০২৫-এর শিরোপা জয়ের পরও ট্রফি না নেওয়া নিয়ে তৈরি বিতর্কের মধ্যে এবার আনুষ্ঠানিক পদক্ষেপ নিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিসিসিআই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নাকভিকে চিঠি পাঠিয়ে ট্রফি হস্তান্তরের জন্য অনুরোধ করেছে। বিসিসিআইয়ের চিঠির জবাবে এসিসি প্রস্তাব দিয়েছে, আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে দুবাইয়ে একটি অনুষ্ঠান আয়োজন করে ভারতকে ট্রফি দেওয়া যেতে পারে। এসিসি জানিয়েছে, “আপনারা চাইলে আমরা একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে ট্রফি হস্তান্তর করতে পারি।” এশিয়া কাপ ফাইনালে ২৯ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জেতে ভারত। তবে ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়নি। তৎকালীন সময়ে ভারতীয় ক্রিকেট দল ও এসিসি’র মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছিল। ভারতীয় খেলোয়াড়রা এসিসি সভাপতি ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নেওয়া এড়িয়ে যান। সমাপনী অনুষ্ঠান এক ঘণ্টা বিলম্বে শুরু হয়, যেখানে ভারতের কুলদীপ যাদব, শিভম দুবে ও তিলক বর্মা ব্যক্তিগত পুরস্কার গ্রহণ করেন, আর পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা রানার্সআপ অর্থ পুরস্কার নেন। পরে কুলদীপ যাদব টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি পুরস্কার লাভ করেন এবং অভিষেক শর্মা সাত ইনিংসে ৩১৪ রান করে ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ পুরস্কার অর্জন করেন। তবে পুরো অনুষ্ঠান শেষ হয় ভারতীয় দলের হাতে ট্রফি না দিয়ে। সমাপনী অনুষ্ঠানের সঞ্চালক সায়মন ডুল তখন জানান, “আমাকে এসিসি জানিয়েছে, ভারতীয় দল তাদের ট্রফি গ্রহণ করবে না। তাই এটাই ছিল পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষ।” অন্যদিকে, এসিসি সভাপতি মহসিন নাকভি ট্রফি বিতরণে অনড় অবস্থানে রয়েছেন। ফাইনালে ভারত পাকিস্তানকে ১৯.১ ওভারে ১৪৬ রানে অলআউট করে এবং জবাবে ১৯.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে।
